Home Blog

সামসুদ্দীন আহমেদ এছাক : একজন ন্যায়বিচারক ও সহজিয়া মানুষের প্রতিচ্ছবি

১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সারা দেশের মতো নরসিংদীতে যেই উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিলো, সেটা এছাক সাহেব নিজে দিনে ও রাতে হিন্দু মহল্লায় পাহারা দিয়ে সামাল দিয়েছেন।

ঘটনাটি নরসিংদী সরকারি কলেজের। এক বখাটে ছাত্র কোনো-এক ছাত্রীর ওড়না ধরে টান দিয়েছে। আর যায় কোথায়! তরুণী ছাত্রী বখাটের বাবার কাছে গিয়ে বিচার দিয়েছে। বাবাও কম যান না। কলেজের মাঠে মঞ্চ বানিয়ে সদরবাসীকে আমন্ত্রণ জানিয়ে বক্তৃতা শুরু করলেন। বললেন, “আমার পোলা এক ছাত্রীকে অপমান করছে। আমি মঞ্চে পোলারে আর ছাত্রীরে উপস্থিত করছি।” এই বলে তিনি ছাত্রীকে বললেন, “মা গো, তোমার জুতাডা হাতে নেও। এইবার আমার পোলার গালে যতোক্ষণ পারো, জুতার বারি দেও।”

সেই হাজার জনতার সামনে মঞ্চে দাঁড়িয়ে ইতস্তত তরুণী ছেলের বাবার অভয় পেয়ে রায় কার্যকর করলেন। সদরবাসী ‘জাগুর’ দিলো, চিৎকার করে ওঠলো ‘জয়, এমপি সাবের জয়’। এভাবেই নরসিংদী-১ আসনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন চারবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদ এছাক। তিনি ছিলেন ন্যায়বিচারক, সঙ্গীতজ্ঞ, খাদ্যরসিক, আমুদে তথা গণমানুষের নেতা।

সামসুদ্দীন আহমেদ এছাক

আরেকবার এক মা বিচার নিয়ে এসেছেন, ছেলে খেতে দেয় না, পরতে দেয় না। সেই ছেলেকে মায়ের সামনে এতো পিটুনি দিয়েছিলেন যে, মাকেই কাকুতি-মিনতি করে এমপি সাহেবের কাছ থেকে ছেলের নিস্তার নিতে হয়েছিলো।

এসব কথা কিংবদন্তির মতোই নরসিংদীর চায়ের স্টলে, দোকানে, বাজারে, রাজনৈতিক মহলে নিত্যনৈমিত্তিক। তাঁর সম্পর্কে অভিযোগও ছিলো, রাস্তা নির্মাণ আর অবকাঠামো স্থাপন— এসব ব্যাপারে তিনি ছিলেন উদাসীন। কিন্তু মানুষের মনের রাস্তা নির্মাণে ছিলেন সিদ্ধহস্ত। অর্থাৎ মানুষে মানুষে সম্প্রীতি স্থাপনে ছিলেন অগ্রণী। হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দ্বন্দ্বে সবসময় তিনি নিজে কঠিন বাধা হয়ে দাঁড়াতেন। কখনোই ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন উস্কে দিতেন না। বরং শক্ত হাতে রোধ করতেন। সেজন্যেই নরসিংদী সরকারি কলেজের মরহুম অধ্যাপক সর্বজনপ্রিয় আবুল খায়ের বলতেন, “নরসিংদীতে সিঁদুর পরা মহিলাদের যে নিশ্চিন্ত হাসি আমি দেখি, বাংলাদেশের কোথাও এমনটা আমি দেখি না।” ১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সারা দেশের মতো নরসিংদীতে যেই উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিলো, সেটা এছাক সাহেব নিজে দিনে ও রাতে হিন্দু মহল্লায় পাহারা দিয়ে সামাল দিয়েছেন। নরসিংদীর হিন্দু সম্প্রদায় এখনো এসব কথা বলে বেড়ায়। পালা-পার্বণে বলে বেড়ায়।

ছিলেন শ্রমিক। হয়েছিলেন শ্রমিক নেতা। সারা জীবনেই তিনি গরীবের বন্ধু ছিলেন। যেখানটায় তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন, তা হচ্ছে আরশীনগর। নামটা তাঁরই দেয়া। মূলত এটা নরসিংদী শহরে রেলের গুদামঘাট। এখানে তিনি উদ্যান, মিনি চিড়িয়াখানা ও সঙ্গীত একাডেমি গড়ে তুলেছিলেন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে রাস্তা থেকে রিকশাঅলা, গরীব পথচারী, ছিন্নমূল মানুষদের ডেকে ডেকে বড়ো ডেকচিকে রান্না করা খিচুড়ি নিজ হাতে বেড়ে খাওয়াতেন। মানুষকে খাওয়াতে এমপি সাহেব ভালোবাসতেন। বিভিন্ন দিবস, অনুষ্ঠানে সদরবাসীদের দাওয়াত করে খাওয়াতে পছন্দ করতেন। জীবনযাপনে ছিলেন সাধারণ। লুঙ্গি পরতেন। খুব সম্পদ করেছেন এমন কিছু দৃশ্যমান হয় না। সন্তানদেরও তিনি কৃচ্ছসাধনার শিক্ষা দিয়েছেন। তারা নরসিংদীবাসীর সঙ্গে খুব সাধারণ হয়েই চলেন।

বাংলাদেশে ভাষণ বলতে ভরাট কণ্ঠ, টেনে টেনে কথা বলা, বাগাড়ম্বর— এসব। কিন্তু এছাক সাহেব এসবের ধার ধারতেন না। মাইকে কথা বলতে গিয়ে মাউথে দুটি টোকা দিয়ে বলতেন, “হুনা (শোনা) যায়?” মানুষ হেসে ওঠতো। খুবই রসবোধ ছিলো তাঁর বক্তৃতায়। হাসাতে হাসাতে জনতার সামনে মূল কথাগুলো তিনি সাবলীলভাবে বলে যেতেন। ভাষণে কথা বলতেন খুব কম।

একবার কলেজ সংসদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছে কলেজ ক্যাম্পাসে মঞ্চ করে। ছাত্র-ছাত্রী তথা সদরবাসীদেরই বিপুল উপস্থিতি। কেননা, এরপর হবে বড়ো ব্যান্ডদলের বড়ো কনসার্ট। সবাই গান শুনতে মুখিয়ে আছে। কিন্তু একেকজন বক্তা বক্তৃতায় আজই সব বলতে হবে! এমন একটা অবস্থা। যাক অবশেষে বক্তৃতা সবাই দিলো। সঙ্গীতপ্রেমী তরুণরা খুবই বিরক্ত। এবার প্রধান অতিথির বক্তৃতা। এমপি সাহেব বললেন, “অহন সবাই গান হুনবো। বক্তৃতা হুইন্যা সবতে কাহিল। এই গান গাওয়া শুরু কর।” তরুণদের উল্লাস আর হাসি। আর হাততালি। সবাই বলাবলি করছে, এমপি সাবোই আমগোরে বুঝে।

নিজে গান লিখতেন, গাইতেন। মরমীবোধের গানই মূলত তিনি চর্চা করতেন। নিজের স্ত্রী, ছেলেরাও গান করেন। ছিলেন রেডিও-টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তার বেশকিছু গান বাংলা চলচ্চিত্রে গাওয়া হয়েছে।

রাজনীতির জটিল জায়গায় তাঁর শান্ত-শিষ্ট ছেলে মাসুদকে খুন হতে হয়েছে। এই যন্ত্রণা তাঁকে অনেক ক্ষুব্ধ করে তুলেছিলো। প্রশাসনকে শহরে কারফিউ জারি করতে হয়েছিলো।

গণমানুষের এই নেতাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। ২৭ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকী। সামসুদ্দীন আহমেদ এছাক তাঁর মহত্ত্ব নিয়ে, তাঁর কিংবদন্তি নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে আরশীনগর বটগাছের নিচে চিরবিশ্রামে শায়িত আছেন। আমরা তাঁকে পরম শ্রদ্ধায় স্মরণ করি।


নাজমুল আলম সোহাগ
সভাপতি, বাঙলাদেশ লেখক শিবির, নরসিংদী

সাত কবির সাতটি কবিতা

0

বাঁধাকপি
ম হ সি ন  খো ন্দ কা র

শেফালির হাসির ভেতর
বিস্তৃত বাঁধাকপি, পরতে পরতে রেসিপি, তারপর
নরম রোদের রেজালা

বাইরে থেকে সস নিয়ে গেলেই
খুলে যায় বহুগামী দরজা, প্লেটে বেড়ে দেয় বোধের বুদবুদ
আর রকমারি রোদ!

চোখ দিয়ে কপি খুললেই খুশির পিনকোড,
রক্তের আশ্চর্য উল্লম্ফনে এসে দাঁড়াবে
ডবল হলিডে!

আমাদের পরাণ চাকমা
র বি উ ল  আ ল ম  ন বী

অং সু— ভুটানের ছেলেটা; আমাদের হোস্টেলে
গরু-শুকর কোনোটাই খায় না— গৌতমের ক্ষুদ্র সংস্কার
আমরা— মুসলমানেরা, ভুবনডাঙার মুসলিম পল্লী গিয়ে
গরুর মাংস কিনি খুব গোপনে— আমাদের শান্তিনিকেতনে।
হিন্দু ছেলেগুলি নাক সিটকায়।

চাকমা ছেলে পরাণ, ধর্ম, বিজু সাঁওতাল পাড়া ঘুরে
খুব সকালে কিনে নিয়ে আসে শুকরের মাংস।
মুসলমান ছেলেগুলি নাক সিটকায়।

পাশাপাশি বেসিনের ট্যাপ ছেড়ে মাংস ধুই
গরু আর শুকরের রক্ত জলে মিশে গড়িয়ে যায়
দুই চুলায় দুই জাতের মাংস রান্না হয়
দুই গন্ধ মিলেমিশে এক সুগন্ধ ছড়ায়।
সেই গন্ধে হোস্টেলমেট কুমিল্লার সৌধ দাশ
আইপিএল ফাইনাল ফেলে বমি করতে দৌড়ে বের হয়ে যায়।

অথচ আমাদের পরাণ চাকমা— উপজাতি ছেলে
লবণ চাখবে বলে
গরু আর শুকরের মাংস একসাথে মুখে নিয়ে
পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে খায়।

হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হাউজ : রিপন ইউসুফ
না জ মু ল  শা হ রি য়া র


তোমাদেরকে বিদায়, হে মাকোন্দো’র জনগণ
এই দিন সমাপ্ত হয়েছে।

এটা আমাদের উপর বন্ধ হয়ে আসছে, যেভাবে শাপলা ফুল বন্ধ হয়ে যায় তার নিজের আগামীকালের উপর। তোমাদেরকে বিদায় এবং ওই যৌবনকেও, যা আমি তোমাদের সঙ্গে কাটিয়েছি। তোমরা যারা পাহাড়ের উপরে বসবাস করো এবং বাতাসের সঙ্গে ঘুরে বেড়াও, তোমরা কি জানো না, স্বচ্ছতা হচ্ছে ক্ষয়প্রাপ্ত কুয়াশা? তোমরা কি দেখেছো এই নিঃশ্বাসের স্রোতকে, যা তোমাদেরকে ক্ষান্ত করে অথবা শুনেছো স্বপ্নের ফিসফিসানি শরতের অলিন্দে, যা আর কোনোদিন শুনতে পাবে না।


আমার অনুতাপ যখন আমার ইচ্ছার বিরুদ্ধে ক্ষুধার্ত ঈশ্বরের জন্যে খাবার তৈরি করতো, তখন আমার চিৎকার বিদ্ধ করতো কোনো নগ্ন রাত্রিকে এবং ধীরে ধীরে সেই ঈশ্বর হয়ে ওঠেন আমার গুরু, যিনি অবিশ্বাস করতেন অন্য কোনো ঈশ্বরে, শেখাতেন সংশয় এবং আচ্ছাদিত জীবনের সুবাস। আমার ঘাম চাষ করতো সেই উর্বর নারীদের, যাদের ছিলো পাথুরে ঠোঁট। ও… বিষাদ ভারাক্রান্ত দেলগাদিনারা, তোমরা কি এখনো হামাগুড়ি দাও মৃত্যুর নিচে ধুলাবালির মাঝে? তোমাদের চোখে কি এখনো বাস করে সেই প্রাচীনকাল, যখন পৃথিবী মানুষ চিনতো না এবং সাথে নিজেকেও। তোমরা বিশ্বাস করতে আমার কথায় আর আমি বলতাম, একটা পাকা মাল্টাফলের দু’ফালি হচ্ছে তোমাদের স্তন।

তোমাদের নিঃশ্বাস ছিলো আমার সুগন্ধী
যা আমাকে পরিণত করেছিলো শিশিরে;
শিশির থেকে মেঘে, মেঘ থেকে বৃষ্টিতে।

আমার পিতার মতো আমিও ভালোবাসতাম জ্যোৎস্নার কেশ ও কামড়ানো আপেলের বীজ, যা বেঁচে থাকবে আমার শরীরে। আমার দেহ ভাসবে কোনো শ্বাশত পানপাত্রে সেই নিরবতার অপেক্ষায়, যারা গিলে ফেলে পাহাড়কে। যারা অন্ধকারের মতো দৃষ্টি হারিয়েছিলো এবং ধুলোর মতো হয়েছিলো বধির। আসলে তাদের সুখগুলো ছিলো তাদের মুখোশহীন দুঃখ। আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম সেই কবে।

মানুষের মতো আমার হৃদয় আমার ভেতরেই জেগে ওঠে আর আমাদের ভেতর একটি কণ্ঠস্বর তোমাকে ও আমাকে ডেকে নিয়ে যায় গাঢ় শীতলতায়, যেখানে নোঙর করা থাকতো আমাদের চোখ।

নষ্ট গর্ভ
চাঁ দ নী  মা হ রু বা

ঘনহরিৎ এ-শহরে, কোনোভাবেই কোনো ঋতুমতী নারীকে মনে করতে পারি না। তলপেটের মসৃণ নিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করি। ঠিক যেন ঋতুমতীদের ভুলের মতো। আনখ, লাল নাগলিঙ্গম ফুল।

তাদের জঠরকল থেকে বেরিয়ে আসা শিশুরা পাজরের উপর গ্যাট হয়ে বসে থাকে, ওসিরিসের সাথে করে সন্ধি।
মানুষের আদলে গড়া…
রক্ত-মাংসের ঢিবি
মানুষ দেখতে যেমন—

হে, ভুল করে তুলে নেয়া বীজ
নারীর জঠর বেদনা কেমন?

আদম আপেল ছিঁড়ে ফেলে পাতালের দেবতারা।
পবিত্র প্রাণীদের জন্মলগ্ন ঘুচে যায় অন্ধকারে।
ঘুমের মধ্যে ঝরে যায়, সকল ব্যথাতুর নারীদের গর্ভফুল।

যে-সম্পর্ক আলো পেলে মরে যাবে
ম মি ন  আ ফ্রা দ

অতো আলো সহ্য হয় না চোখে
তাই দরোজা-জানালা বন্ধ থাকে প্রায়শই
তাছাড়া ঘুমোতে যাই
রাত্রির শ্যাষ প্রহরে
ভোরের প্রারম্ভে আমারই ছোটো বোনের সাথে হয় দেখা
আমারই বিছানার পাশে পেতেছে সে মাশরুমের আখড়া
সকাল-সন্ধ্যা পারফিউম মাখার মতো জল মাখায়
স্যাঁতসেঁতে রাখে পরিবেশ
উপযুক্ত স্থানে উপযুক্ত কর্ম বটে
বাড়ির কোথাও এমন নিবিড় ঘন অন্ধকার নেই
যেমনটা আছে আমার কক্ষে
অই মাশরুমের মতো অন্ধকার চুষে আমি হচ্ছি বড়ো
প্রতিনিয়ত ভাবি,
শৈশবের আদর্শলিপির ভেতর
ভোরের মেইল ট্রেনের মতো
সূর্যের প্রারম্ভে জেগে ওঠবো
কিন্তু হয়নি কখনো
এখন এই মাশরুমের সাদা আবেদন
আমাকে জাগিয়ে দিচ্ছে
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে।

সর্বনাশা
হা মি দা  আ ন জু মা ন

তোমার চোখে সর্বনাশা আগুন করে খেলা
পুড়িয়ে রঙিন করেছিলো আমার ছেলেবেলা।
সেই সে-নেশা আজো করে বিবশ বসন নদী
হাসির জাদু ছড়িয়ে তুমি আয়নাটা হও যদি।

রাত ডেকে যায় দূর ইশারায় তোমার কথা বলে
আর কী বাকি যখন তুমি পূর্ণিমা চাঁদ হলে!
পাই না ছুঁতে পেলব ত্বকে আবেশ মাখা মায়া
এই ধরা দাও, হাতছানিতে দেখি কেবল ছায়া।

জ্যোৎস্না আলো মৃদু হাসে কল্পলোকের চাবি
দাও না শত দুঃখ-জরা, তোমার কথাই ভাবি।
ভালোবাসার আঁচল পেতে বেঁচে থাকা ঠিক
স্মৃতির মিনার ঘড়ির কাঁটায় ডাক দিয়ে যায় টিক।

আসো যদি এই পথে আর সুবাস দেবে হাওয়া
কেমন করে এলোমেলো আমার নাওয়া-খাওয়া।
আলিঙ্গনে বাঁধতে যদি দু’হাত বাড়াও তবে
মিলন সুরে গাইবে ধরা আমার তুমি হবে।

তিনটি পৃথিবীর কথোপকথন
র ও ন ক  জা হা ন  মু ন

কবিকে জিজ্ঞেস করলাম, “তারপর ওই তিনটি পথের মধ্যে আপনি কোনটিকে বেছে নিলেন?”

কবি বললেন, “যতোটা ধীরে ধীরে নিয়ন বাতির আলোয় চোখ বুজে আসে, ততোটা তীব্র হয়ে ওঠে জীবনের সামনে খোলা থাকা তিনটি পথ। যে পথে পা বাড়িয়েছি কৈশোরের হারিয়ে যাওয়া আলোর সন্ধানে, সে-পথটি ছিলো আমার লেখার পথ, আঁকার পথ, নিজের বাঁচার পথ। অপর দুটি পথের কিনারায় কে ছিলো, তা কে জানে? শুধুই আবছা কিছু প্রতিবিম্ব ভেসে ওঠে চোখে। দ্বিতীয় যে-পথটি বেছে নিইনি আমি, তা ছিলো আমার হেরে যাওয়ার পর জিতে যাওয়ার পথ। যে-পথের শেষ প্রান্তে গেলে আমি দেখতে পেতাম হারিয়ে যাওয়া ‘আমি’র এক প্রতিচ্ছবি। যে-প্রতিচ্ছবিটি জোর করে বন্ধ করেছিলো কিছু দরজা; যে-দরজাগুলো ছিলো সহজ হওয়ার, নিজেকে হারিয়ে ফেলার, কিংবা মানুষকে ক্রমাগত আঘাত করতে দেয়ার সুযোগের। সেই দরজাটি আমি বন্ধ করিয়েছিলাম ওই প্রতিচ্ছবিকে দিয়ে, নিজেরই প্রতিচ্ছবি।”

আবার কবিকে জিজ্ঞেস করলাম, “তৃতীয় পথটিকে নিয়ে কিছু বলুন।”

একটু থেমে কবি আবার বললেন, “তৃতীয়টি, মানে যে-দরজাটি সেভাবে খুলিনি আমি… সে-দরজার ওপাশে কী ছিলো, তারও আবছা দৃশ্য ভেসে ওঠে; কোনোদিন স্বপ্নে, কোনোদিন জাগরণে। তৃতীয় দরজাটির ওপাশে ছিলো হারিয়ে যাওয়া কৈশোর, কৈশোরের সুগন্ধ, কৈশোরের সহজিয়া, মুগ্ধতা আর স্নিগ্ধতা; এবং আরো এক টুকরো ‘আমি’। যদিও জানি, কোনো-না-কোনোভাবে সেই পথটিই আমাকে বেছে নিয়েছে, আমাকেই। এবং থেকে গেছে আমারই সাথে। যদি কোনোদিনও যেকোনো পথ থেকে ভুলে বাঁক বদলে নেয়া যায়, আমি তবে তৃতীয় পথেই আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু; যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে নগরায়নে চাপা পড়ে থাকা দুটি অদ্ভুত পাখি, ডানা মেলার ফের সুযোগ পেলে; যেমন করে স্বাচ্ছন্দ্য বোধ করে তরুণী কিশোরী, পছন্দের মানুষটির সাথে হঠাৎ চোখাচোখি হলে। ঠিক সেই রকম স্বাচ্ছন্দ্য বোধ আমি করবো, করতে চাই। প্রথম পথটি বেছেছি, কারণ পথ আর খোলা ছিলো না একটাও। তিনটি পথের মাত্র একটিই বেছে নিতে পারতাম আমি; বাকি দুটো পথ চাইলেও নেয়া সম্ভব ছিলো না। যদিও জানি তৃতীয় পথটির সাথেও আমার প্রায়ই দেখা হয়। কোনো স্নিগ্ধ দীঘির জলে অথবা কোনো বেড়ালের চোখে যখন তাকাই, তখনই।”

তৃতীয় সে-পথটি কে, আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। প্রয়োজন হয়নি। কারণ, ততোক্ষণে সে এসে চুপচাপ কবির পাশে তাঁর কাঁধ ছুঁয়ে বসে রইলো অনন্তকাল। যেমন করে না ঘুমিয়ে জেগে থাকে অনন্ত রাত্রির কিশোরেরা।

পাঁচ কবির পাঁচটি কবিতা

0

আটক
ই ফ তে খা র

তারপর ভেঙে যায়
ভেস্তে যায়
একলা একখানি পূর্ণদৈর্ঘ্য দিন;
ভাঙা ভাঙা হাওয়ারঙ সজলসমেত!
অজ্ঞাত চিৎকারের চিরস্থায়ী অনুরণন নিয়ে
ধীর ধীরে অধীর সুতোটানে একটা পলকের
অসীম পর্বতপুঞ্জ নেমে আসে।
টবে ঘুমায় ঘুমের বিড়াল : কস্মিনকালের দুপুরের ছাই।

এক যে ছোটো চায়ের কাপে কতো শত সুপ্রচেষ্টার আহ্লাদ
স্বীকৃতির চুইংগাম, একতরফা মানবীয় দোষ, তুষ্টিনীতি, কথার বেলুন
অনুসিদ্ধান্ত, আপাত প্রবোধ, রাষ্ট্রীয় জাদুমাখা ভাত
অন্তহীন জনমে ঠাসা মগজের হারমোনিয়াম।

একটা দিন চুরমার হয়ে গেলেই কেবল আরেকটা দিন আসে!

মরু-অরণ্যের ফাঁদ
নূ র  নি হা দ

চাপালিশের পাতা ঘেঁষে নেমে আসা সন্ধ্যায় ধর্মান্তরিত সংকেত ও বধিরতা ভর করে নিকট নক্ষত্রের পিঠে। জমতে থাকা কাঞ্চনকুয়াশায় ভারি হয়ে আসে বিষণ্ণ সাইকেল। যে-ফুল দেখেনি কেউ এর আগে, যে-ঘ্রাণ পৃথিবীরও অচেনা ভীষণ— এমনসব অজানা আঁতুড় লুকিয়ে রাখা গোপন পাটাতন খুলে দিলে সমস্ত বিষাদ ও নিঃসঙ্গতা এসে জমা হয় বিমর্ষ ছাতিমের নিচে। ফেলে আসা কিছু দরোজা এমন, আরশের মালিক দুর্লঙ্ঘ্য পেরেক মেরে দিয়েছে যার কব্জায়।

জীবন মূলত বিলম্বিত ব্যাকরণের ফাঁদ… ধূসর হয়ে আসা আকাঙ্ক্ষার সুতো, ফিরে ফিরে আসা অপরাহ্ণের রোদে মরু-যাযাবরের দীর্ঘতর ছায়ার জ্যামিতি। কম্পনঘন শীতের অরণ্যে প্রশস্ত অভিযান, মৃত ডাহুকের ফ্যাকাশে চোখের মতো গহীন যাতনা— হঠাৎ থমকে যাওয়া ঝড়ের শেষে বিরহপ্রবণ হলুদ দুপুর…

মুখোশ খসা
স্নি গ্ধা  বা উ ল

এমনটা সময়
কেউ নাই
রয়ে যাচ্ছি
দরজার পাশে পোষা বেড়ালের মতো
আর রাস্তায় হর্ন দিচ্ছে জলপাই রঙের পাখি

এমনই সময়
বিকেলে একা লাগে
গলিতে মাংস কুড়ায় গৃহস্থ কুকুর
তারগাছে পেচিয়ে মরছে অনবদ্য তারকাটা

একদিন সোমবার
টেলিফোন আসে
টিয়া পাখি উড়ে যায় নিজের আকাশে
ব্যাভিচারীর মুখোশ যায় খসে খসে…

জবানের কুলুপ
ম নো য়া রা  স্মৃ তি

বন্ধ দরোজায় প্রতিরাতে টোকা মারে
লাশের দল,
যারা কাবাব হয়েছে লেলিহান শিখায়।
যারা গুম হয়েছিলো, খুন হয়েছিলো নষ্টের সিলমোহরে
ভ্রষ্টতারই ইশতেহার হাতে আত্মাহূতি দিয়েছিলো।

দরোজা খুলতেই তারা শিশুদের পাঠশালার মতো
হুড়মুড়িয়ে কেবল ঢুকে যায় আমার শয়নকক্ষে।
আনবিক বোমা হয়ে বিস্ফোরিত হয় সারা ঘরময়।

নির্লজ্জতা লালন করি না, তাই জ্যোছনা বিলাসী নই।
দিবালোকের আয়েশি লোবান আবিষ্ট করতে পারে না।

অস্ত্রধরা হাতদুটো বর্গা রেখেছিলাম নিদানকালে।
জবানে কুলুপ আঁটা,
কলমের কালিও ধার করে কেনা।

মাথাটা এখনো বেচে দিইনি আর পা দু’খানাও সচল।
হেঁটে হেঁটে কতোখানি পৃথিবী পার হওয়া যায় বলো?

তাই প্রতিরাতেই লাশ হয়ে যাই লাশেদের মিছিলে।

না কবি না কবিতা
রা কি বু ল  ই স লা ম

তোমারে না পাইলে আমি কী করমু?
তুমি কইলা, “কবিতার বই লিখবা,
বিরহে কবিতার বই বালা লেহুন যায়।”

কই তুমি! আর কই কবিতার বই?

তোমার স্তনের মাঝখানের খাঁদে
কিংবা ভালোবাসার উষ্ণতায়
অইরহম এক ডজন বই হারায়া যাইতে পারে

আমি তো তোমারে চাইছিলাম
বইমেলার কবি হইতে চাই নাই

কুইড়ার কিসসা : বিলীন হয়ে যাওয়া নরসিংদীর লোককথা

নরসিংদীর খাঁটি লোকসাহিত্যের এক নিদর্শন হলো ‘কুইড়ার কিসসা’। এটা এমন এক ধরনের সাহিত্য, যা আমাদের গ্রামবাংলার আবহ দ্বারা নির্মিত।

লোকসাহিত্য মূলত মৌখিক সাহিত্য, যা অতীত ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত। অক্ষরজ্ঞানহীন জনগোষ্ঠী তাদের এই রচনাকে লিখিতভাবে লিপিবদ্ধ করতে না পারলেও আবেগ, ভাব এবং কল্পনার দ্বারা মানুষের কাছে মুখে মুখে তাদের সৃষ্টিকে প্রকাশ করে। নরসিংদীর অক্ষরজ্ঞানহীন জনগোষ্ঠীও লোকসাহিত্যের এই ধারাকে লালন ও বহন করে।

কুইড়ার কিসসা’র গায়ক আবদুল হাকিম। তাঁর বাড়ি শিবপুর উপজেলার ছুটাবন্দ গ্রামে। তবে এই কিসসাটি তাঁর রচিত নয়। মূল রচয়িতা ছিলেন রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের আবদুল গফুর। আবদুল গফুরের এই কিসসা রচনার সময়কাল জানা যায় না। আবদুল হাকিম তাঁর বাড়িতে চার মাস মজুরি খেটে এই কিসসা লিখে আনেন। এবং নিজে আত্মস্থ করে জনগণের মাঝে বিশেষ ভঙ্গিতে তা পরিবেশন করতে থাকেন। কিসসাটি বয়ান করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে।

এই ঘরে বাস করতেন কুইড়ার কিসসাকার আবদুল হাকিম

আবদুল হাকিমকে এই কিসসার নামের সাথে মিলিয়ে ‘কুইড়া’ নামে অভিহিত করা হয়। তিনি কবিরাজী চিকিৎসায়ও দক্ষ ছিলেন।

এই আয়নাটি কোনো-এক আসর থেকে পুরস্কার হিসেবে পান কুিইড়ার কিসসাকার আবদুল হাকিম

আবদুল হাকিম ২০০৮ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সাথে সাথে লোকসাহিত্যের এই ধারাটিরও মৃত্যু হবার কথা ছিলো। কিন্তু তা হয়নি। তাঁর দোহার হিসেবে ৩২ বছর দায়িত্ব পালন করা আবদুর রহমান মোল্লা কুইড়ার কিসসাকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলেছিলেন।

আবদুর রহমান মোল্লা

আবদুর রহমান মোল্লার বাড়ি নৌকাঘাটা। ছুটাবন্দ ও নৌকাঘাটা গ্রাম দুটি পাশাপাশি।

আবদুর রহমান মোল্লা ২০১৬ সালে মাত্র ৬০-৬২ বছর বয়সে চিকিৎসকের ভুল চিকিৎসাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে নরসিংদীর এই নিজস্ব ধারাটি প্রায় হারিয়ে গেছে বলা যায়। এই বিশেষ ধারার কিসসা পরিবেশন করতে দশজন দোহারের প্রয়োজন হয়। স্থানীয় সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই সকল দোহারবৃন্দও ইতোমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর দুয়েকজন যদিও জীবিত থাকেন, তারা কিসসাটি পরিবেশন করার কোনো দক্ষতা রাখেন না।

২০১১ সালে সুজাতপুর গ্রামে এই কিসসাটির এক মহা আসর বসে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি এই কিসসাটি পরিবেশিত হয়েছিলো। দিনের বেলা এই আসর বসে না। কিসসাকার আবদুর রহমান মোল্লা তাঁর দোহারবৃন্দ নিয়ে মধ্যরাত অবধি এই কিসসা পরিবেশন করেছিলেন। জয়নগর ইউনিয়নের চেয়ারম্যানও সেদিন উপস্থিত ছিলেন।

লোকসাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক ও লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান উপস্থিত ছিলেন উক্ত আসরে। তিনি অবশ্য আবদুল হাকিম ও আবদুর রহমান মোল্লা— দুজনেরই পরিবেশন উপভোগ করেছেন। তার বক্তব্য হলো :

“আগে কিসসাটির কথক ছিলেন শিবপুর উপজেলার ছুটাবন্দ গ্রামের আবদুল হাকিম। আবদুল হাকিম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার বলার ভঙ্গি, কণ্ঠ, শিল্পসম্মত বাচনভঙ্গি কিসসাকে জনপ্রিয় করে তুলেছিলো। আবদুল হাকিম ও কুইড়ার কিসসা দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলো। আবদুল হাকিম আড়াই ঘণ্টা সময়ের মতো ব্যয় করতেন। তার পরিমিত বাচনভঙ্গি ছিলো।
সাম্প্রতিককালে তার শিষ্য আবদুর রহমান মোল্লা, তিনি নৌকাঘাটা গ্রামের অধিবাসী, এই কিসসাটি বয়ান করেন বিভিন্ন আসরে। তার সময় লাগছে আরো বেশি। এর অর্থ ভিন্ন কথকের হাতে পড়ে একটি পালা রূপান্তরিত হয়ে পড়ে। আমি আবদুল হাকিম ও আবদুর রহমানের কিসসাটি শুনেছি। দুটি কিসসার তুলনামূলকভাবে এটুকু অনুধাবন করেছি যে, আবদুর রহমান নিজস্ব কিছু বাকভঙ্গি এখানে বিস্তারিত করেছেন। আবদুর রহমান মোল্লার পরিবেশন সম্পূর্ণভাবে ঠিক আছে এবং বিশ্বস্ততা রক্ষিত হয়েছে। আবদুর রহমান মোল্লা কিছুটা আধুনিক শব্দ, অতিকথন ও কলাকৌশল প্রয়োগ করেছেন। এই আধুনিকতা স্বাভাবিক।”

কুইড়ার কিসসার লিখিত পালাটি ১০০ পৃষ্ঠারও অধিক। বাংলা একাডেমি এটা প্রকাশ করেছে ‘লোকজ সংস্কৃতি গ্রন্থমালা : নরসিংদী’ গ্রন্থে। একাডেমি আবদুর রহমান মোল্লার কাছ থেকে এটা রেকর্ড করে নিয়ে প্রকাশ করেছে তাঁর জীবদ্দশায়ই।

আমরা এই পালাটির সার-সংক্ষেপ আর প্রথমে যে-বন্দনাপর্বটি বয়ান করা হয়, তা এখানে উল্লেখ করছি।

কুইড়ার বন্দনা

উদয় মাগো সোনার বাংলা তোমায় হাজারো সালাম মাগো জন্মভূমি।
উদয় মাগো সরেস্বতী নাইম্যা দেও চানভর
মাগো সরেস্বতী
পুবেতে বন্দনা করলাম পুবের বাণু সারোগো
মাগো সরেস্বতী
একদিকেদা উদয় বাণু চৌদিকে ফসরগো
মাগো সরেস্বতী
উত্তরে বন্দনা করলাম হিমালয় পর্বত
তাহার অ ইংগলে কাঁপে সয়ালও সংসার ওগো
মাগো সরেস্বতী
পশ্চিমে বন্দনা করলাম মৌক্কা বাণু সারোগো
মাগো সরেস্বতী
মুসলমানে পড়ে নামাজ আল্লাহু আকবার
মাগো সরেস্বতী
দক্ষিণে বন্দনা করলাম কালী দশায়
মাগো সরেস্বতী
সে সায়রে বাণিজ্য করে চান্দ সওদাগর ও মা সরেস্বতী
চারকোণা বন্দনা করলাম আসর করলাম স্থির
মাগো সরেস্বতী।
নরসিংদীতে জেলা ধরি শিবপুরে হয় থানা
মাগো সরেস্বতী
পোস্টা অফিস নৌকাঘাটা ছুটাবন্দ হয় ঠিকানা
মাগো সরেস্বতী
ওস্তাদ আমার আব্দুল হেকিম সবাইকে জানাই
মাগো সরেস্বতী
আমার নামটি আব্দুর রহমান দিলাম পরিচয়
মাগো সরেস্বতী।
আব্দুল বাদশার কিস্সা বলবেন সবার বিদ্যমান
মাগো সরেস্বতী।
তোমায় ডাকি লোকজনও আহা লোকজন সালাম জানাই সবার বিদ্যমানে।

কুইড়ার কিসসার সার-সংক্ষেপ
চারদিকে চারটি সাগর এবং সাগরগুলোর মধ্যে একটি বালুচর। বালুচরে রয়েছে একটি শহর, যার নাম মেরছির শহর। শহরে বাস করতো একজন বাদশাহ। তাকে বলা হতো মেরছির বাদশাহ। এ-বাদশাহ বারবার বিয়া করে, কিন্তু কোনো সন্তান লাভ করতে পারে না। কেন সন্তান হয় না, কারণ জানতে জতিশ (জ্যোতিষী) এনে গণনা করায়। জতিশ এসে উপদেশ দেয় আর বিয়া না করার জন্যে। তার ভাগ্যে সন্তানাদি নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়। রাজ্যের উজির- নাজিরসহ সকলে একত্র সভায় মিলিত হয়ে বাদশাহকে আটখুড়া বাদশাহ ঘোষণা করে। কেউ আর বাদশাহর মুখদর্শন করবে না বলে সিদ্ধান্ত নেয়। উপায় না দেখে বাদশাহ সাত বিবির নিকট থেকে বিদায় নিয়ে করুণভাবে ডাকতে ডাকতে আল্লাহর পথের যাত্রী হয়। এদিকে দয়ার ভাণ্ডার আল্লাহপাক সদয় হয়ে আটখুড়া বাদশাহর পুত্র হওয়ার জন্যে আবদুল বাদশাহকে আহ্বান পাঠান। কিন্তু আবদুল বাদশাহ জন্মের পূর্বেই পুত্র হওয়ার বিনিময়ে আল্লাহর দরবারে তিনটি জিনিস প্রার্থনা করে। আবদুল বাদশাহ বলে, (এক) মিছা এ-দুনিয়ায় তাকে নিতে হলে সুন্দরী পরী মকবুলা বিবির সাথে বিয়া লিখে দিতে হবে। (দুই) সে মুখে যা বলবে, তাৎক্ষণিক তা হতে হবে এবং (তিন) আকাশ ও পাতালে কী আছে, সে জানতে চাইলে জানতে পারার ক্ষমতা দিতে হবে। দয়াল আল্লাহ মহান আবদুল বাদশাহর সকল আর্জি মঞ্জুর করেন। একইসাথে আশ্চর্য ঠাকুরের মাধ্যমে আল্লাহ আবদুল বাদশাহকে মেরছির বাদশাহর কাছে পৌঁছে দিবার আদেশ দেন। কিন্তু আশ্চর্য ঠাকুরও তিনটি শর্ত দিয়ে বসে— (এক) মৃত্যুর জায়গা সে নিজে বানাবে। (দুই) মুখে যা বলবে, তাৎক্ষণিক তা হতে হবে এবং (তিন) আকাশ ও পাতালের সব গণনাও শুনতে পারবে। দয়াল আল্লাহ আশ্চর্য ঠাকুরের প্রার্থনাও কবুল করলেন। কিন্তু জতিশকে তার সঙ্গী করে দেন। আবদুল বাদশাহ, আশ্চর্য ঠাকুর এবং জতিশের নানা শক্তি ও কেরামতিতে উল্লেখিত কুইড়ার কিসসার উত্থান-পতন ঘটে। এর সাথে অনেক ধরনের পাত্র-পাত্রীর নিশ্চিত সংযোগের মাধ্যমে কুইড়ার কিসসা এগিয়ে চলে।

কুইড়ার কিসসা পরিবেশন কৌশল
দলে থাকে মোট ৮-১০ জন। মূল গায়ক দাঁড়িয়ে এবং অনেক সময় নেচে নেচে অভিনয়ের মাধ্যমে কিসসা বর্ণনা করেন। সহযোগী হিসেবে বসে বসে দোহার দল দোহার গায়। দোহারগণ মঞ্চে গোল হয়ে বসেন। মূল গায়ক দর্শকদের উদ্দেশ্যে ইশারা করেন। কখনো কখনো মূল গায়ক হাতের রুমাল উঁচিয়ে উঁচিয়ে দোহারগণের মধ্যে ছেড়ে দেন। তেমন কোনো বাদ্যযন্ত্রের দরকার হয় না। সামান্য বাদ্যযন্ত্রের মৃদু তালে হাতের মোহনীয় তালিতে দর্শকদের মাতিয়ে রাখেন। পোশাক-আশাকেও তেমন বাধাধরা নিয়ম নেই। সাধারণত ছোটো আসরেই কিসসা চলে। জনসমাগম বেশি হলে বড়ো আকারের মঞ্চ তৈরি হয়। খোলা আকাশের নিচে বসেই দর্শকগণ কিসসা উপভোগ করেন। শীতের দিনে এবং বিশেষ বিশেষ দিনে শামিয়ানা টাঙানো হয়। মঞ্চের পেছন দিক কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। মঞ্চের তিনদিকে খোলা জায়গায় দর্শকগণ বসেন। বন্দনার মাধ্যমে শুরু হয়ে কিসসা চলে প্রায় চার ঘণ্টা। এই চার ঘণ্টা হাসি-আনন্দের মধ্যে সাধারণ মানুষ মনের খোরাক যুগিয়ে নেয়।

নরসিংদীর এই লোকসাহিত্যের বিচিত্র ধারাটিকে আমরা রক্ষা করতে পারিনি মনে হয়। সম্প্রতি আমরা গিয়েছিলাম শিবপুরের ছুটাবন্দ ও নৌকাঘাটা গ্রামে। কিসসাকার আবদুল হাকিমের বাড়ি খুঁজে পেতে বেগ পেতে হয়নি। এ-গ্রামের সকলেই কিসসা আর কিসসাকারদের চিনতো। প্রায় ভেঙে পড়া থেকে অল্প দূরে বেঁচে যাওয়া আবদুল হাকিমের ঘরখানা দেখলাম, যেটাতে তিনি বসবাস করতেন।

তাঁর দোহার আবদুর রহমান মোল্লা, যিনি আবদুল হাকিমের পরে এই গীতধারাটিকে একাই বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর বাড়িতেও গেলাম। কথা হয়েছে তাঁর পুত্র ও স্বজনদের সাথে। এই এলাকার সবার সাথে কথা বলে এটা জানাই উদ্দেশ্য ছিলো যে, এই দুই কিংবদন্তীর পরে আর কেউ কি আছেন, যিনি এই কুইড়ার কিসসাটি পরিবেশন করতে পারেন। হতাশাজনকভাবে আমরা এই উত্তরই পেলাম, আর কেউ নেই!

ড. সফিউদ্দিন আহমেদ স্মরণে আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী মনীষা’

আজ (১৪ মার্চ ২০২৬, শনিবার) নরসিংদীতে আয়োজিত হয়েছে লেখক-গবেষক, বুদ্ধিজীবী ও নরসিংদীর রায়পুরার কৃতী সন্তান ড. সফিউদ্দিন আহমেদ স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী মনীষা’ শীর্ষক স্মরণসভা। আয়োজন করে ‘ড. সফিউদ্দিন আহমেদ স্মরণসভা কমিটি’। নবধারা প্রি-স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় শুরু হয় অনুষ্ঠানটি। নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে লেখক-পাঠক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন সভায়।

প্রগতি লেখক সংঘ, নরসিংদীর সভাপতি সুমন ইউসুফ ড. সফিউদ্দিনের চিন্তা-কর্ম ও লেখালেখি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ড. সফিউদ্দিন আহমেদ ছিলেন একজন নিবিষ্ট গবেষক। বাংলাদেশে এমন কোনো বিষয় নেই, যা নিয়ে তাঁর কাজ নেই। ডিরোজিও থেকে শুরু করে নরসিংদী অঞ্চলের সোমেন চন্দ, ভাই গিরিশচন্দ্র সেনকে নিয়ে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে। তাঁর মতো মানুষকে নিয়ে আমাদের আলোচনা, সভা, সেমিনার অব্যাহত রাখা উচিত।”

রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, নরসিংদীর সাধারণ সম্পাদক রায়হানা সরকার তার আলোচনায় বলেন, “আমরা ছোটোবেলা থেকে সফিউদ্দিন চাচাকে দেখে আসছি। তিনি অনেক জানতেন। তাঁর লেখা বই বোঝার মতো মানুষের সংখ্যাও অনেক কম আমাদের সমাজে। কিন্তু আমি সবসময় তাঁর গ্রন্থগুলো সামনে রাখার চেষ্টা করেছি, যেন অন্তত কিছু মানুষ হলেও বইগুলো সম্পর্কে জানতে পারেন। ড. সফিউদ্দিন আহমেদ বাংলাদেশকে অনেক ভালোবাসতেন। আমি চাই, তাঁর উত্তরসুরী এদেশে আরো জন্মাক।”

প্রগতি লেখক সংঘ, নরসিংদীর সাধারণ সম্পাদক মহসিন খোন্দকারের মতে, “চল্লিশোর্ধ্ব গ্রন্থের প্রণেতা ছিলেন ড. সফিউদ্দিন আহমেদ। প্রতিটি গ্রন্থই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি কোনো পুরস্কার পাননি। আমাদের সমাজে যারা প্রকৃত কাজ করেন, তারা পুরস্কৃত হন না। সম্মানিত হন না।”

তাছাড়া আলোচনা করেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সাংবাদিক শরীফ ইকবাল রাসেল, কল্লোল নাট্য সংস্থার সভাপতি শাহ্ আলম, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, উদীচী নরসিংদী জেলার সভাপতি জাহানুল হক বাবুল, সাধারণ সম্পাদক হিমাংশু দাস, সাবেক সাধারণ সম্পাদক তপন আচার্য্য ও বর্তমান সদস্য রুবিয়া সাজ্জাদ মুক্তা, প্রদীপ সাহা, নরসিংদী প্রগতি লেখক সংঘের সাংগঠনিক সম্পাদক সুমন আজাদ।

উক্ত অনুষ্ঠানের সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া জানান, “বহু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। বিশ্বের অন্যতম বেশকিছু বিশ্ববিদ্যালয়েও তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমি থেকে তাঁর বারোটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সব জার্নালে ড. সফিউদ্দিন আহমেদের গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুরুত্বপূর্ণ গবেষকদের অন্যতম। তাঁর রচনাসমূহ আমাদের পাথেয় হয়ে থাকবে।”

প্রসঙ্গত, ড. সফিউদ্দিন আহমেদ ছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলায় জন্মগ্রহণকারী একজন প্রখ্যাত লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। ভাষা, সংস্কৃতি, সাহিত্য, মনীষীদের নিয়ে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ সব গবেষণা। এই কৃতী পুরুষ গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে শায়িত করা হয়।

ইতিহাসের আলোঘেরা এ-অঞ্চলের পাঁচজন নারী

প্রসন্নতারা গুপ্তা
প্রসন্নতারা গুপ্তার জন্ম ১৮৫৫ সালের ২ এপ্রিল। তাঁর পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের দুপতারা। দুুপতারার এই গুপ্ত জমিদার পরিবার প্রভাব-প্রতিপত্তি, শিক্ষা-দীক্ষায় এগিয়ে ছিলেন বলে জানা যায়। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন। ভাটপাড়া গুপ্ত পরিবারের সাথে দুুপতারা গুপ্ত পরিবারের আন্তরিক যোগাযোগ ছিলো, ছিলো গভীর সম্পর্ক। কে জি গুপ্তের বাবা কালীনারায়ণ গুপ্ত ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী আলোকিত মানুষ। তিনি সমাজসেবা ও নারী জাগরণের বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। ১৮৭০ খ্রিস্টাব্দে নারী জীবনের উন্নয়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘অন্তঃপুরে স্ত্রী শিক্ষা সভা’। নামই বলে দেয় তার কার্যক্রম, লক্ষ্য ও আদর্শ কী ছিলো। ‘অন্তঃপুরে স্ত্রী শিক্ষা সভা’ সংগঠনটির আত্মপ্রকাশের সময়ে (১৮৭০) প্রসন্নতারা গুপ্তা একজন তরুণী। তিনি এ-সংগঠন গঠনে আন্তরিক প্রয়াস চালান। তা দেখে কালীনারায়ণ অত্যন্ত প্রীত হন। সে-সময় কে জি গুপ্ত মাত্র ১৯ বছরের তরুণ (১৮৫১ সন)। ধারণা করা যায় যে, প্রসন্নতারার মেধা-প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা লক্ষ্য করেই কালীনারায়ণ তাঁকে পুত্রবধূ হিসেবে বেছে নেন।

১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতার অভিজাত শিক্ষিত পরিবারের মেয়েরা ‘সখি সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। এর প্রধান উদ্যোক্তা স্বর্ণকুমারী দেবী। তাঁর অন্যতম প্রধান সহযোগী ছিলেন এই প্রসন্নতারা গুপ্তা। উক্ত সমিতিতে একমাত্র মুসলিম সদস্য ছিলেন লাকসামের জমিদার নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী। উক্ত সমিতির মাধ্যমে কে জি গুপ্তের স্ত্রী প্রসন্নতারা স্ত্রী শিক্ষা, বিধবা বিয়ের প্রচলন, সহমরণ প্রথা রোধ তথা মেয়েদের স্বাবলম্বী করার জন্যে অনেক কাজ করেছেন। এই ‘সখি সমিতি’র আরো একজন সুহৃদ ও সহযোগী ছিলেন ভাই গিরিশচন্দ্র সেন। তাঁর আত্মচরিত থেকে জানা যায়, তিনি নারী শিক্ষা ও নারী জাগরণের একজন প্রবক্তা। এমনকি মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার সাথেও তাঁর নিয়মিত পত্রালাপ চলতো, চলতো মতবিনিময়।

প্রসন্নতারা গুপ্তার ডাকনাম ‘তুফানি’। তিনি যথার্থভাবে তুফানের ন্যায় কাজ করতেন বলে জানা যায়। তাঁর কর্মবহুল জীবন মোটেই দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ৫৩ বছর বয়সে এ-বিদুষী ও প্রগতিশীল মহিলা ১৯০৮ সালের ১৫ আগস্ট লন্ডনে মৃত্যুবরণ করেন।

তাঁর একমাত্র প্রবন্ধ গ্রন্থ ‘পারিবারিক জীবন’ প্রকাশিত হয় ১৩১০ বঙ্গাব্দে। ঈর্ষণীয় সামাজিক জীবনের পাশাপাশি প্রসন্নতারা ও কে জি গুপ্তের দাম্পত্য জীবন তথা পারিবারিক জীবনও ছিলো সাবলীল। সংসারে সাফল্যের কোনো অন্ত ছিলো না। মোট চার সন্তান জন্ম নেয় তাঁদের ঘরে। বীরেন্দ্র চন্দ্র গুপ্ত, ধীরেন্দ্র চন্দ্র গুপ্ত, যতীন্দ্র চন্দ্র গুপ্ত ও হেমকুসুম। এই হেমকুসুমই বাংলার প্রসিদ্ধ গীতিকবি অতুলপ্রসাদ সেনের স্ত্রী।

অবিভক্ত বাংলাদেশের শিক্ষা-দীক্ষা, সমাজ, ধর্ম সংস্কার, বিধবা বিবাহ, সহমরণ প্রথা বাতিলসহ আরো অনেক জনহিতকর কার্যে কে জি গুপ্তের অবদান যেমন চিরস্মরণীয় হয়ে আছে, তেমনই স্মরণীয় হয়ে আছেন প্রসন্নতারা গুপ্তা।

প্রিয়বালা গুপ্তা
বিশ শতকের একটা কুসংস্কারাচ্ছন্ন ও প্রতিকূল সমাজে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের অদম্য তাগিদ নিয়ে জন্মেছিলেন একজন নারী। নাম প্রিয়বালা গুপ্তা। ১৮৯৯ সালে ভাগলপুরে জন্ম হলেও পৈতৃক বাড়ি নরসিংদীর পাঁচদোনায়। শৈশবেই মেধার পরিচয় দিলেও অল্প বয়সেই পড়াশোনায় ছেদ পড়ে। এবং ১৩ বছর বয়সেই মাধবদীতে বনেদি রায় পরিবারে বিবাহিত জীবন শুরু করতে বাধ্য হন। একান্নবর্তী রায় পরিবারে মানসিকভাবে বিচ্ছিন্ন প্রিয়বালার সংবেদনশীল মনে সৃজনশীলতার বিকাশ ঘটে। সাহিত্যচর্চার দিকে ঝুঁকে পড়েন। এই সময়ই গ্রামের নিরক্ষর বধূদের নিয়ে সপ্তাহের প্রতি রোববার আসর বসাতেন। সেখানে গল্পের ছলে দেশ, সমাজ, ভূগোল, বিজ্ঞান নিয়ে আলোচনা হতো। এই আসরই পরবর্তীতে মেয়েদের জন্যে বিদ্যালয় প্রতিষ্ঠার ভিত তৈরি করে। সেই সময় পঞ্চাশের মন্বন্তর বা বাংলার দুর্ভিক্ষ দেখা দিলে ‘মহিলা আত্মরক্ষা সমিতি’র সাথে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করেন। ১৯৪৪ সালে প্রিয়বালার উদ্যোগে যাত্রা শুরু করে কাঙ্ক্ষিত বিদ্যালয় ‘মাধবদী শিশু সদন বিদ্যা নিকেতন’। স্বামী যতীন্দ্রমোহন রায় ও তৎকালীন মাধবদী হাই স্কুলের হেডমাস্টার শচীনন্দন সাহেবের সহায়তায় বাড়ির বৈঠকখানায় মাত্র দুজন মেয়ে নিয়ে এর সূচনা হয়। প্রারম্ভে চতুর্থ শ্রেণি পর্যন্ত খোলার প্রস্তাব থাকলেও শিশু শ্রেণি ও প্রথম শ্রেণিতে শিক্ষা গ্রহণের সুযোগ ছিলো। ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। মাধবদীর পাশাপাশি সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা আসতো। নানা বিপত্তি পেরিয়ে স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠের ব্যবস্থা হয়।

প্রিয়বালা গুপ্তা

১৯৪৭ সালে পঞ্চাশোর্ধ্ব বয়সে বিশ্বভারতী লোকশিক্ষা সংসদের একটি কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ‘সাহিত্যভারতী’ উপাধি পান। ইতোমধ্যে গীতিনাট্য রচনায় তাঁর পারদর্শিতা প্রকাশ পায়। ঢাকা রেডিওতে তাঁর রচিত গীতিনাট্য ‘শকুন্তলা’, ‘শবরীর প্রতীক্ষা’, ও ‘উর্মিলা’ সম্প্রচারিত হয়। তৎকালীন সমাজে শিশু ও প্রসূতি পরিচর্যায় বিবিধ কুসংস্কারে বিচলিত হয়ে পড়েন প্রিয়বালা। সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী হয়েও ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসেন। এসব কাজের মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেন।

বিদ্যালয়ের ছাত্রীদের মনোগঠন নির্মাণ ও বিকাশকল্পে মাধবদীর বদ্ধ সমাজে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেন। নিয়মিত নাচ, গান, আবৃত্তি ও মূকাভিনয় হতো। হাতে লেখা সাহিত্য পত্রিকা ‘কিশলয়’ বের হতো। গান লেখার প্রতিভা ছিলো তাঁর। বিভিন্ন অনুষ্ঠানে ও সঙ্গীতশিল্পীদের অনুরোধে গান লিখে দিতেন। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর অনিরাপত্তায় হিন্দু ধর্মাবলম্বীদের দেশত্যাগ বাড়তে থাকে মাধবদী অঞ্চলে। পড়াশোনার জন্যে পুত্র-কন্যাকে পার্শ্ববর্তী দেশে পাঠিয়ে দিলেও নিজে রয়ে যান এই দেশে। মানুষের ভালোবাসায় মাধবদী বালিকা বিদ্যালয়ের দিদিমণি হয়ে রয়ে গেলেন। ১৯৫৪ সালে প্রিয়বালার স্বামী মারা গেলেন। এক পর্যায়ে পশ্চিমবঙ্গে সন্তানদের দেখতে গিয়ে নানা জটিলতায় আর ফিরে আসতে পারেননি এই বাংলায়। মৃত্যুর পূর্বে ১৯৬৩ সাল থেকে তিনি ‘স্মৃতিমঞ্জুষা’ নামে আত্মজীবনী লিখতে থাকেন। এই আত্মজৈবনিক রচনা তাঁর জীবনীর মধ্য দিয়ে তৎকালীন সমাজ-পরিবেশসহ নানা বিষয়ে এক ঐতিহাসিক ভাষ্য হয়ে রইলো। সমাজ সংস্কারক ও মহীয়সী প্রিয়বালা গুপ্তা ১৯৭৩ সালে মৃত্যুবরণ করেন। প্রিয়বালার দৃঢ় সংকল্প জীবনযাত্রা দেখিয়ে দেয়, পশ্চাৎপদ গ্রামীণ সমাজে কীভাবে শিক্ষা ও সংস্কারের ভিত্তিতে সচেতনতা ও মুক্তমনের প্রদীপ জ্বালানো যায়, ঘটানো যায় পরিবর্তন।

হিরণবালা রায়
এ-অঞ্চলের খুবই কম আলোচ্য, বলা যায়, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা লোকজনের আলোচনায় না থাকা একজন নারী ছিলেন হিরণবালা রায়। একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ছিলেন তিনি।

মাধবদীর আটপাইকা গ্রামটির তালুকদার ছিলেন মণীন্দ্র রায়, সতীন্দ্র রায় ভ্রাতৃদ্বয়। শুধু তাই নয়, তাঁরা ছিলেন স্বদেশি আন্দোলনের অকুতোভয় সৈনিক। বিপ্লবী সতীশ পাকড়াশীর সংস্পর্শে এসে দুই ভাই অনুশীলন পার্টি, পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। আটপাইকায় তাঁদের বাড়িটি কমিউনিস্ট পার্টির অঘোষিত কেন্দ্র ছিলো। তাঁরা আশেপাশের দশ-বারো গ্রামে কৃষক সমিতি’র কাজে নিয়ত ব্যস্ত ছিলেন। তাঁদের দিদি হিরণবালা থাকতেন আসামে, স্বামী চা বাগানের ডাক্তার, সাত সন্তানের জননী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত নানা রোগে আক্রান্ত হয়ে ছ’টি ছেলেই মারা যায়, স্বামীও কী এক অজানা রোগে মারা যান। সর্বশেষ ছেলেটি হঠাৎ একদিন বাড়ি থেকে পালিয়ে কোথায় চলে যায়, যোগাযোগ ছিন্ন। হিরণবালা রায়ের পাগল হতে বাকি। জীবনের এই চরম দুর্ভোগমুহূর্তে তিনি আটপাইকায় ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করেন। হতাশাগ্রস্ত এক বিষণ্ণ বিধবা। ক্রমে ভাইয়ের পরামর্শ ও চেষ্টার ফলে স্বাভাবিক হন ও মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। এই বাড়িটা যেহেতু একটা রাজনৈতিক আড্ডাখানা ছিলো, তাই হিরণবালাও দূরে থাকতে পারেননি এসব থেকে। সমাজের আর্তপীড়িত মানুষের সেবায় নিয়োজিত হলেন।

তিনি মহিলা আন্দোলন শুরু করলেন। হিরণবালা রায় ছিলেন নরসিংদী থানার প্রথম মহিলা সংগঠক। আটপাইকা থেকে সাটিরপাড়া, নরসিংদী; শেখেরচর, ভাটপাড়া, পাঁচদোনা থেকে মাধবদী, কাশীপুর, আলগী পর্যন্ত ছিলো তাঁর কর্মক্ষেত্র। সবই পায়ে হেঁটে। তিনি পরে নবপ্রতিষ্ঠিত মহিলা আত্মরক্ষা সমিতির নরসিংদী থানা কমিটির সম্পাদিকা নির্বাচিত হন। সম্ভবত পরে সমিতির জেলা কমিটির সদস্য হয়েছিলেন।

চল্লিশের দশকে যখন এ-অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়, হিরণবালা রায় গ্রামে গ্রামে লঙ্গরখানা খোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন। সাথে ছিলেন মাধবদীর আরেক মহীয়সী নারী প্রিয়বালা গুপ্তা। দেশভাগের খড়গ যখন সাম্প্রদায়িকতার নীল রক্তে ভেসে যাচ্ছিলো, তখন হিরণবালা রায়ের মতো মানবতাবাদী মানুষেরা সর্বতোভাবে চেষ্টা করেছেন প্রতিবেশিদের রক্তে যেন রঞ্জিত না হয় প্রতিবেশির শরীর। দাঙ্গার বিরুদ্ধে জনমত গঠন করেছিলেন। কিন্ত শেষ পর্যন্ত তা পেরে না ওঠায় আর কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়ে যাওয়ায় তিনি পঞ্চাশের দশকের প্রথমদিকেই ছদ্মবেশে ওপার বাংলায় পাড়ি দেন। পরে আর তাঁর খোঁজ পাওয়া যায়নি।

এই সাহসী নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিরণবালা রায় সব যুগের নারীদের জন্যে আদর্শ।

মতিজান খাদিজা খাতুন
তিনি শহীদ আসাদের মা হিসেবেই বেশি পরিচিত। তবে তিনি একজন সমাজ সচেতন ও রাজনীতি সচেতন মহীয়সী নারী ছিলেন। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা অনন্য। স্বামী প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ, ঋদ্ধ শিক্ষাবিদ শিবপুরের ধানুয়া গ্রামের মৌলানা মো. আবু তাহের। শুধু আসাদ নয়, তাঁর ছেলেমেয়েদের সকলেই সুপ্রতিষ্ঠিত। খাদিজা খাতুনের বড়ো পরিচয়, তিনি নারী স্বাধিকার আন্দোলনের সাহসী সৈনিক ও বরেণ্য শিক্ষাবিদ বেগম রোকেয়ার নারী জাগরণ তথা নারী আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। তাঁরই নেতৃত্বে ১৯৩২ সালে (বেগম রোকেয়ার মৃত্যুসন) নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয় আইইটি অর্থাৎ ইসলামী এডুকেশন ট্রাস্ট। সেই আইইটির ফসল নারায়ণগঞ্জ আইইটি গার্লস স্কুল। শুধু তা-ই নয়, তিনি নিযুক্ত হন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবেও। সে-সময়ের বাস্তবতায় এমন সাহসী ও যোগ্যতাসম্পন্ন মুসলিম মহিলা খুঁজে পাওয়া কঠিন ছিলো। তাই তাঁকে যদি নরসিংদীর বেগম রোকেয়া বলা হয়, তাহলে খুব অন্যায় হবে বলে মনে করি না।

মতিজান খাতিজা খাতুন

খাদিজা খাতুন নারী স্বাধিকার আন্দোলনের নেত্রীই ছিলেন না শুধু, জাতীয় উন্নয়নেও তাঁর কর্মতৎপরতা ছিলো প্রশংসনীয়। বিশেষ করে, স্বামী মৌলানা মো. আবু তাহেরের ইসলামী উম্মাহর খেদমতে ও শিক্ষা বিস্তারে বরাবর তাঁর ভূমিকা ছিলো ইতিবাচক।

ঊনসত্তরের অগ্নিঝরা দিনগুলিতে তিনি হারান পুত্র আসাদকে। অন্য আট-দশজন মহিলার মতো তিনি কেঁদে-কেটে অস্থির হননি। তার প্রমাণ মেলে আসাদের শাহাদত বরণের মাত্র ১৫ দিন পর ১৯৬৯ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (রোকেয়া হল) থেকে প্রকাশিত স্মরণিকায় তাঁর লিখিত বাণীতে :
“আমার আসাদ মরেছে। কিন্তু আজ আমি লাখো আসাদ পেয়েছি। আমার আসাদ বলতো, মা, আগামী দশ বৎসরে আমরা এক নতুন দেশ গড়ে তুলব। তোমরা তার সাধ পূর্ণ করো।”

ড. আফিয়া খাতুন
ড. আফিয়া খাতুনের জন্ম ১৯২৭ সালে, ঢাকায়। পৈতৃক নিবাস বর্তমান নরসিংদীতে। তাঁর পিতা কিংবদন্তী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ সেকান্দর আলী মাস্টার ও মা শফুরা খাতুন। ১৯৪০ সালে ইডেন স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মুসলমান মেয়েদের মধ্যে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ইন্টারমিডিয়েটেও একই ফল। ইডেন কলেজের এই কৃতী ছাত্রী ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। ভাষা সংগ্রামে তাঁর ভূমিকা ছিলো অভূতপূর্ব। তিনি ইডেন কলেজে অধ্যাপনার (১৯৫৪-১৯৬১) মধ্য দিয়ে শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করেন। ১৯৫৬ সালে লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পূর্ব পাকিস্তান থেকে আফিয়াই প্রথম যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান। তিনি ইউনিভার্সিটি অব নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা করেছেন পূর্ব পাকিস্তান শিক্ষা সম্প্রসারণ সেন্টার, ঢাকা ও পশ্চিম পাকিস্তান শিক্ষা সম্প্রসারণ সেন্টার, লাহোরে। তিনি পড়িয়েছেন যুক্তরাষ্ট্রের মিজৌরি, কলাম্বিয়া ও সান ডিয়াগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।

ড. আফিয়া খাতুন

ড. আফিয়ার প্রথম স্বামী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক (১৯১৮-৬৫)। শামসুল হক ও আফিয়া খাতুন দম্পতির দুই সন্তান উম্মে বতুল ফাতেমা জোহরা এবং উম্মে বতুল তাজমে তাহেরা। পরে ড. আফিয়ার আবার বিয়ে হয় সহকর্মী ভাষাবিজ্ঞানী, পাঞ্জাবের জলন্ধরের অধিবাসী অধ্যাপক আনোয়ার দিলের সঙ্গে।

ড. আফিয়া খাতুনের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে বেঙ্গলি ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার, বেঙ্গলি নার্সারি রাইমস : অ্যান ইন্টারন্যাশনাল পারসপেকটিভ, টু ট্র্যাডিশনস অব দ্য বেঙ্গলি ল্যাংগুয়েজ। বাংলা ভাষায় রচিত বইয়ের মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের পত্র, ক্যারোলাইন প্রাটের আই লার্ন ফ্রম চিলড্রেন (বাংলা অনুবাদ, ১৯৫৫), যে দেশ মনে পড়ে (১৯৫৭, ভ্রমণকাহিনি), হেলেন কেলারের লেখা মাই টিচার (বাংলা অনুবাদ : হেলেন কেলার আমার শিক্ষক)। এছাড়া সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ ও নাটক ‘তরঙ্গভঙ্গ’ তিনি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। স্বামী আনোয়ার দিলের সঙ্গে যৌথভাবে লিখেছেন উইমেন্স চেঞ্জিং পজিশন ইন বাংলাদেশ : ট্রিবিউট টু বেগম রোকেয়া, ডেভেলপিং সেকেন্ডারি এডুকেশন ইন ওয়েস্ট পাকিস্তান। তাঁদের ৪০ বছরের যৌথ গবেষণার ফসল ইংরেজিতে রচিত ৭৭৬ পৃষ্ঠার গ্রন্থ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড ক্রিয়েশন অব বাংলাদেশ। বিশেষ করে, এই গ্রন্থটি ভাষা আন্দোলনের ফলাফলস্বরূপ সার্বিক বাংলা ভাষার প্রয়োজনীয়তা কেন্দ্রিক একটি আকর গ্রন্থ হিসেবে সমাদৃত হয়ে আছে। এই মহীয়সী নারী ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন।


তথ্যসূত্র
১. কন্যা জায়া জননী, সরকার আবুল কালাম ও
২. আলোর অভিমুখে : প্রিয়বালা গুপ্তার জীবন ও সময়, রঞ্জন গুপ্ত

কালী নারায়ণ গুপ্ত ও ভাটপাড়ার জমিদার বাড়ির গল্প

0

নরসিংদীর ভাটপাড়া গুপ্ত জমিদার বাড়ি শুধু সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও কৃতী মানুষের পীঠভূমি নয়, তারা সমাজ সংস্কার, সঙ্গীত, চলচ্চিত্র, ব্রাহ্মধর্মকে টেনে নিয়েছিলেন ভারতবর্ষব্যাপী। এই জমিদার বাড়ির জিন থেকে জন্ম নেয়া বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তো নিজের ঘরে অস্কার তুলে এনেছিলেন। তাঁর মামা অর্থাৎ স্যার কে জি গুপ্ত’র ভাগ্নে সঙ্গীতজ্ঞ অতুলপ্রসাদ সেন তো অতুলপ্রসাদী সঙ্গীত ঘরানার জন্মদাতা। তেমনি পূর্ববঙ্গের প্রথম আইসিএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) অফিসার স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত’র মামা ভাই গিরিশচন্দ্র সেন শুধু কোরানের প্রথম বঙ্গানুবাদকারীই নন, বহু মুসলিম মনিষীর জীবনীকারও। মামা-ভাগ্নের এমন কীর্তি এদেশে সত্যিই বিরল, যা নরসিংদী জেলাকে গর্বিত করেছে। নরসিংদী তথা মহেশ্বরদী পরগণার মাটি সত্যিই উর্বর।

শিক্ষা-দীক্ষা, সাহিত্য-সংস্কৃতি, সমাজ সংস্কার আর আভিজাত্যের দিক দিয়ে বাংলাদেশে যে-ক’টি জমিদার বংশ খ্যাতির চরম শিখরে পৌঁছুতে পেরেছে, তাদের মধ্যে নরসিংদী জেলার ভাটপাড়া গুপ্ত জমিদার বংশটি অন্যতম। উক্ত বংশের প্রভাবশালী, জাঁদরেল ও প্রজাবৎসল জমিদার মহিন্দ্র নারায়ণ গুপ্তের নাম-ডাক ও সাফল্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিলো। ভাটপাড়া এলাকা ছাড়াও গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ এবং ময়মনসিংহের ভাটি অঞ্চলে তাঁর বিশাল জমিদারি ছিলো। কিন্তু একটি ক্ষেত্রে তিনি ছিলেন চরম ব্যর্থ ও অসুখী। ঘরে অর্থ-কড়ি, বিত্ত-বৈভবের চাকচিক্য বিরাজ করলেও বংশ রক্ষার জন্যে ছিলো না কোনো ছেলে সন্তান। সন্তান হারা মনে এক অসহনীয় যন্ত্রণা নিয়ে সময় কাটাতে থাকেন জমিদার মহিন্দ্র নারায়ণ গুপ্ত। অবশেষে বংশ রক্ষার জন্যে তিনি দত্তক গ্রহণ করতে সম্মত হন।

কালী নারায়ণ সেন নামে এক বালককে দত্তক নিয়ে লালন-পালন শুরু করেন। কালী নারায়ণ সেন সম্পর্কে জানা যায়, তিনি তৎকালীন রামপুরা থানা বর্তমানে মনোহরদী থানার ভুলা ইউনিয়নস্থ আকানগর গ্রামে ১৮৩০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সুধারাম সেন। মাতা যশোদা দেবী। তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিলো না। এ-কারণে কালী নারায়ণ আকানগর গ্রাম থেকে পোষ্যপুত্ররূপে ভাটপাড়া জমিদার বাড়িতে গৃহীত হন। একই সাথে দীন কুটির থেকে একেবারে রাজ দরবারে পদার্পণে তাঁর ভাগ্যের সবগুলো দরোজা খুলে যায়। সেই সাথে পারিবারিক পদবী ‘সেন’ থেকে ‘গুপ্ত’-তে পরিণত হয়। পরবর্তী জীবনে এই কালী নারায়ণ গুপ্তই ভারতবর্ষের বরেণ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

ইতিহাসে দেখা যায়, দত্তকপুত্ররা পরবর্তীতে যশ-খ্যাতি, অর্থ-সাফল্য অর্জন করেন। দত্তকপুত্র নাটোরের মহারাজ দীনেন্দ্রনাথ রায় তো খ্যাতির চরম শিখরে উঠতে পেরেছিলেন। খ্যাতিমান সত্যজিৎ রায়-সুকুমার রায়ের উদ্ভব হয়েছিলো দত্তকপুত্রের রক্ত থেকেই। কালী নারায়ণ গুপ্তও দত্তকপুত্র হিসেবে ভাটপাড়ার বিশাল জমিদারির হাল ধরে কর্মগুণে অমর হতে পেরেছিলেন। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে তাঁর বড়ো ধরনের কোনো অর্জন ছিলো না। শৈশবে মাতামহের কাছে বাংলা লেখাপড়া সমাপ্ত করে পরে কিঞ্চিত ফারসি ও সংস্কৃত অধ্যয়ন করেছিলেন। কিন্তু স্বাধীন চিন্তাধারা, বিচার-বুদ্ধি আর ঈশ্বরানুরাগ চিরদিন তাঁকে সম্মুখপানে এগিয়ে নিয়ে গেছে। একাডেমিক শিক্ষার কোনো ডিগ্রি না থাকলেও বিদ্যাশিক্ষার প্রতি আমৃত্যু স্পৃহা থাকার কারণে তিনি এক পর্যায়ে প্রাজ্ঞ-পণ্ডিত হয়ে ওঠেছিলেন। তরুণ বয়সে তিনি শক্তিমন্ত্রের উপাসক ছিলেন। কিন্তু পরবর্তী জীবনে একজন শুদ্ধ কৃষ্ণভক্ত হিসেবে খ্যাতিমান হন। ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলে তাঁর জমিদারি থাকায় তিনি ব্রাহ্মমণ্ডলীর সংস্পর্শে আসেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন ১৮৬৯ খ্রিস্টাব্দের দিকে। তিনি পুত্র-ভৃত্যসহ ব্রাহ্মসমাজে যোগদান করে তৎসময়ে রীতিমতো আলোড়ন তুলেছিলেন। তাঁর জমিদারির কেন্দ্রস্থল কাওরাইদের মতো একটি অজপাড়াগাঁয়ে ব্রাহ্ম সমাজের একটি শাখা প্রতিষ্ঠা করে বিশেষ সুনাম অর্জন করেছিলেন। তবে কালী নারায়ণ গুপ্তের সর্বোচ্চ আলোচিত ঘটনা হলো, মুন্সি জালালউদ্দিন মিয়া নামে ঢাকা ব্রাহ্মকুলের একজন মুসলমান ছাত্রকে তিনি প্রকাশ্যে ব্রাহ্ম সমাজভুক্ত করার ব্যবস্থা করেন। শুধু তা-ই নয়, এক বিবাহভোজ অনুষ্ঠানে সপুত্র উক্ত যুবক জালালউদ্দিনের সঙ্গে এক থালায় ভোজন করে প্রমাণ করেন, উদারতার কাছে কোনো বর্ণ-ধর্ম-জাত-পাতের প্রশ্রয় নেই। এই ঘটনা সমস্ত ভারতবর্ষের জ্ঞানী-সুধী সমাজে প্রশংসিত হলেও একযোগে হিন্দু-মুসলিম সমাজে প্রতিবাদের ঝড় ওঠে।

হিন্দুরা ‘হিন্দু হিতৈষিণী’ পত্রিকায় এর প্রবল বিরোধিতা করতে লাগলেন। মুসলিম সম্প্রদায় তাঁকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিলো। এভাবে অনেক সামাজিক-ধর্মীয় লাঞ্চনা ভোগ করেও তিনি দমে যাননি। ব্রাহ্ম সমাজের অগ্রগতি ব্যাহত হলো না। বরং জমিদারি, ব্রাহ্ম সমাজ, সমাজ সংস্কার, শিক্ষা, বিধবা বিবাহ, সতীদাহ প্রথা রোধে কাজের পাশাপাশি ভাবসঙ্গীত, ভক্তিসঙ্গীত রচনা, সুর দেয়া এবং গেয়ে তিনি চারিদিকে হৈচৈ ফেলে দেন। বিমল ঈশ্বর ভক্তি ও সরল হৃদয়ের পরিচয় পাওয়া যায় তাঁর সঙ্গীতে। তিনি ভক্তি রসাত্মক সঙ্গীতসমূহ, ভাবসঙ্গীত ও সাধনালব্ধ তত্ত্ববিষয়ক ‘ভাবকথা’ রচনা করেছেন। ভক্তি ও ভাবসঙ্গীত রচনায় তাঁর এই স্বাভাবিক ক্ষমতা বহুল পরিমাণে দৌহিত্র (মেয়ের ঘরের নাতি) ব্যারিস্টার অতুলপ্রসাদ সেনের মধ্যে সত্যায়িত হয়েছে। কালী নারায়ণ গুপ্ত সম্পর্কে লোকসাহিত্যিক, প্রত্ন বিশারদ ও ‘নরসিংদীর কবি-সাহিত্যিক’ গ্রন্থের লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বলেন, “তিনি শিবানন্দ সেনের বংশধর ছিলেন।” তৎকৃত গ্রন্থ ‘আশালতা’। ‘আশালতা’ গ্রন্থ সম্পর্কে কোনো খোঁজ-খবর জানা যায়নি। তবে কালী নারায়ণ গুপ্তের জীবনীগ্রন্থ ‘ভক্ত কালীনারায়ণ গুপ্তের জীবন-বৃত্তান্ত’ ১৩৩১ বঙ্গাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিলো। গ্রন্থটি লিখেছিলেন ব্রাহ্মপণ্ডিত বঙ্কুবিহারী কর। ১৯০৩ খ্রিস্টাব্দে এই মহর্ষির মৃত্যু হয়।

ভাটপাড়ার জমিদার বাড়ি সম্পর্কে জানা যায়, একই সাথে তাঁদের ময়মনসিংহ ভাটি অঞ্চল, কাওরাইদ, ভাটপাড়া, ঢাকার লক্ষ্মীবাজার ও কলকাতার বালিগঞ্জের নিজস্ব বাড়ি ও প্রাসাদে বসবাস ছিলো। এ-প্রসঙ্গে বিখ্যাত স্মৃতিচারণামূলক গ্রন্থে শ্রীমতী মনোদা দেবী লিখেছেন, “স্যার কে. জি. গুপ্তের কন্যা হেমকুসুম (অতুলপ্রসাদ সেনের স্ত্রী) আমার ক্লাশফ্রেন্ড ছিলো কিছুদিন। ঢাকাতে কালীনারায়ণ বাবুর নিজের মস্ত বড় বাড়ী ছিল। বহুদিন সে বাড়ীতে আমরা ছোটর দল যাইয়া খেলাধুলা করিতাম। কালীনারায়ণ বাবু আমাদের লইয়া কোন খেলায় মত্য হইয়া যাইতেন।”

কালী নারায়ণ গুপ্তের জীবনাচরণ ও চরিত্র সম্পর্কে মনোদা দেবী তাঁর গ্রন্থে আরো উল্লেখ করেন, “কালীনারায়ণ রায় অতি সৎ ও সাধু প্রকৃতির লোক ছিলেন। মস্ত জমিদার হইলেও তিনি অতি সহজ-সরলভাবে জীবনযাপন করিতেন। বিলাসিতার ধার ধারিতেন না। কালী নারায়ণ বাবুর দৌহিত্র অতুলপ্রসাদ সেন ঢাকাতেই পড়াশুনা করতেন এবং তার এক খুড়তুত ভাই সত্যপ্রসাদ সেনও কালীনারায়ণ বাবুর বাসায় থাকিয়া পড়াশুনা করিত। তাহারা মাঝে মাঝে আমাদের ছোট দলের মধ্যে খেলায় হামলা দিতে চেষ্টা করিত, কিন্তু কালীনারায়ণ বাবু সেটাকে কিছুতেই বরদাস্ত করিতেন না, কারণ আমরা সকলেই ছোট ছোট মানুষ আর উনারা ১৪/১৫ বৎসরের ছেলে। উহাদের সঙ্গে আমরা কিছুতেই পারিয়া উঠিব না।”

কালী নারায়ণ গুপ্তের সৎ ও সাদাসিধে জীবনের একটি দৃষ্টান্ত হলো, তাঁর কন্যা বিমলা গুপ্তের সাথে বিক্রমপুরের তেলিয় বাগস্থ দুর্গামোহন দাশগুপ্তের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার সত্যরঞ্জন দাশগুপ্তের বিয়ে হয়েছিলো। কোট-প্যান্ট পরিহিত বিলাত-ফেরত ব্যারিস্টার বর সাজানো ল্যান্ড গাড়িতে চড়ে বিবাহ সভায় হাজির হন। সবাই সতৃষ্ণ দৃষ্টিতে বিলাত-ফেরত ব্যারিস্টার বরকে দেখতে লাগলেন। কারণ তৎসময়ে বিলাত-ফেরত ব্যারিস্টার ছেলে বর হিসেবে পাওয়া দুঃসাধ্য বিষয় ছিলো। হঠাৎ দেখা গেলো, জমিদার কালী নারায়ণ গুপ্ত ড্রয়িংরুম থেকে একটি গরদের ধুতি ও একটি গরদের কোট নিয়ে বিবাহ সভায় ঢুকে হাত বাড়িয়ে এসব কাপড় ভাবী জামাতার দিকে এগিয়ে দিয়ে বললেন, “সাহেবি পোশাক ত্যাগ করে বাঙালি পোশাক পরে মানুষ হও।” এ-দৃশ্য দেখে আগত অতিথিরা আশ্চর্য হয়ে গেলেন। ছেলের বাবা দুর্গামোহন দাশগুপ্তও তা দেখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। সবাইকে অবাক করে ব্যারিস্টার বর সত্যরঞ্জন দাশগুপ্ত স্মিতহাস্যে তাঁর ভাবী শ্বশুরের হাত থেকে কাপড়গুলো নিয়ে সভার মধ্যেই পরিধান করলেন। এরপর ব্রাহ্ম ধর্মমতে তাদের বিবাহ হয়। ভাবী জামাই সত্যরঞ্জন কোনো আপত্তি ছাড়াই খুশি মনে ভাবী শ্বশুরের দেয়া দেশীয় গরদের পোশাক পড়ে বিবাহ সভায় বসেছিলেন। এতে কালী নারায়ণ গুপ্ত অত্যন্ত প্রীত হয়েছিলেন।

কালী নারায়ণ গুপ্তের স্ত্রীর নাম অন্নদা সুন্দরী দেবী। সন্তান-সন্ততি, বিষয়-সম্পত্তি আর যশ-খ্যাতিতে এই পরিবারটি ছিলো বাঙালিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে, কালী নারায়ণ গুপ্ত ও অন্নদা সুন্দরী দেবীর কোল জুড়ে এসেছে ষোলোজন সন্তান। এর মধ্যে ছয়জন শৈশবেই মৃত্যুবরণ করে। জীবিতদের মধ্যে জগদ্বিখ্যাত বাঙালি স্যার কে জি গুপ্ত ছিলেন বড়ো সন্তান। তাঁর আগে একজন সন্তান শৈশবে মারা গিয়েছিলো। স্যার কে জি গুপ্তের স্ত্রীর নাম প্রসন্নতারা গুপ্তা। তিনি তৎকালীন রূপগঞ্জ থানাধীন দুপতারা জমিদার বাড়ির মেয়ে। তিনি খুব মেধাবী ছিলেন। ১৮৭০ খ্রিস্টাব্দে শ্বশুর কালী নারায়ণ গুপ্তের প্রতিষ্ঠিত ঢাকার ‘অন্তপুর স্ত্রী শিক্ষা সভা’র মেধাবী ছাত্রী হিসেবে স্বামী স্যার কে জি গুপ্তের মুখোজ্জ্বল করতে পেরেছিলেন। ১৮৮৬ খ্রিস্টাব্দে কলকাতার অভিজাত ও সুশিক্ষিত সম্প্রদায়ের মেয়েরা ‘সখী সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। এর প্রধান উদ্যোক্তা ছিলেন স্বর্ণকুমারী দেবী। তাঁর অন্যতম সহযোগী ছিলেন কে জি গুপ্তের স্ত্রী প্রসন্নতারা গুপ্তা। উল্লেখ্য, উক্ত সমিতিতে একমাত্র মুসলিম সদস্য ছিলেন লাকসামের জমিদার নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী। উক্ত সমিতির মাধ্যমে প্রসন্নতারা গুপ্তা স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহের প্রচলন, সহমরণ প্রথা রোধ এবং মেয়েদের স্বাবলম্বী করার জন্যে অনেক কাজ করেছেন। স্যার কে জি গুপ্ত ও প্রসন্নতারা গুপ্তার সংসারে সাফল্যের কোনো অন্ত ছিলো না। স্যার কে জি গুপ্তের পর কালী নারায়ণ গুপ্তের ঔরসে যে-সন্তান জন্ম নিয়েছিলো, তারও মৃত্যু হয়েছিলো শৈশবে। এভাবে দশম, দ্বাদশ, চতুর্দশ ও পঞ্চদশ সন্তানও শৈশবে মারা যায়। জীবিতদের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন প্যারীমোহন গুপ্ত। তিনি ছিলেন ভারতের খ্যাতনামা সিভিল মেডিক্যাল অফিসার। তাঁর স্ত্রীর নাম সরলা গুপ্তা। তৃতীয় ছেলে গঙ্গাগোবিন্দ গুপ্ত ওরফে পানি বাবু ছিলেন বিচিত্র প্রতিভার অধিকারী। তিনি ছিলেন কালী নারায়ণ গুপ্তের মতো সাদাসিধে সদানন্দ পুরুষ। বিলাসিতার কোনো বালাই ছিলো না তাঁর মধ্যে। ব্রাহ্ম ধর্মের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাছাড়া ছিলেন ফুর্তিবাজ লোক। তিনি ছিলেন একজন উঁচুদরের চিত্রকর। ‘সীতার বনবাস’, ‘প্রহ্লাদ চরিত্র’ ইত্যাদি নাটক করার জন্যে তিনি বহু চেষ্টা ও অর্থ ব্যয় করে একটি বাড়ি ভাড়া করেন। নাটক মঞ্চায়নের জন্যে স্টেজও করেন সেই বাড়িতে। নিজ হাতেই বহু দৃশ্য নিপুণভাবে এঁকেছিলেন। সবাই তাঁর আঁকা এসব চিত্র ও দৃশ্য দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেছিলেন। তৎকালীন সমাজে ঢাকার হোলি খেলার প্রাণপুরুষ ছিলেন গঙ্গাগোবিন্দ গুপ্ত।

বড়ো মেয়ে ছিলেন হেমন্ত শশী গুপ্তা। তিনি ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও ব্যারিস্টার অতুলপ্রসাদ সেনের মা। দ্বিতীয় মেয়ের নাম চপলা গুপ্তা। তাঁর বিয়ে হয়েছিলো শশীভূষণ দত্তের সঙ্গে। তৃতীয় মেয়ে সৌদামিনী গুপ্তার ছেলের নাম চারুচন্দ্র। তার মেয়ে বিজয়া হলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের স্ত্রী। অপরদিকে চতুর্থ কন্যা সরলা গুপ্তার মেয়ে সুপ্রভাকে বিয়ে করেন সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়। চতুর্থ পুতির নাম বিনয়চন্দ্র গুপ্ত। তিনি চন্দ্রপ্রভাকে বিয়ে করেছিলেন। সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন সুবলা গুপ্তা। প্রাণকৃষ্ণ আচার্যের সাথে তার বিয়ে হয়েছিলো। তারা স্ব স্ব ক্ষেত্রে সফল ও মহীয়ান ছিলেন।

স্যার কে জি গুপ্তের ছিলো তিন ছেলে— যতীন্দ্রমোহন গুপ্ত, বীরেন্দ্র চন্দ্র গুপ্ত ও শৈলেন্দ্র চন্দ্র গুপ্ত এবং পাঁচ মেয়ে— লাবণ্য গুপ্তা, হেমকুসুম গুপ্তা, নলিনী গুপ্তা, সরযু গুপ্তা ও ইলা গুপ্তা। প্যারীমোহন গুপ্তের সন্তানেরা হলেন— মলিনা গুপ্তা, অমিয়া গুপ্তা, নলিনী গুপ্ত, সুধাংশুমোহন গুপ্ত, অফলা গুপ্তা, সাহানা গুপ্তা ও লীনা গুপ্তা। গঙ্গাগোবিন্দ গুপ্তের ছেলে-মেয়েদের নাম হলো— সুধা গুপ্তা, হিমাংশুমোহন গুপ্ত, ধীরেন্দ্র চন্দ্র গুপ্ত। সর্বকনিষ্ঠ পুত্র বিনয়চন্দ্র গুপ্তের ছেলে-মেয়ে হলেন— বিমল চন্দ্র গুপ্ত, ক্ষণিকা গুপ্তা ও মণিকা গুপ্তা। এক কথায় বলা যায়, কালী নারায়ণ গুপ্তের বিশাল পরিবারের শাখা-প্রশাখা, আত্মীয়-স্বজন অবিভক্ত ভারতবর্ষব্যাপী সম্মান ও আভিজাত্যের সাথে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখানে আলোচনা করা হলো।
১৯৮৭ সালের ১৮ এপ্রিল ‘দেশ’ পত্রিকায় সত্যজিৎ রায়ের একটি আলোচিত সাক্ষাতকার প্রকাশিত হয়। উক্ত সাক্ষাতকারে সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর কাছে প্রশ্ন রাখেন, “আপনি এইবার বলুন, আপনি এত কাণ্ড করলেন, এর পেছনে, এই যে সাকসেস, সাকসেস অ্যান্ড সাকসেস, এর রহস্যটা কোথায়, আপনি কি কোনও দিন অ্যানালিসিস করেছেন? কি হলে কি হয়?” জবাবে সত্যজিৎ রায় বলেন, “রহস্যটা কোথায়! এই আমি, তাহলে সেই জিনের প্রশ্নে চলে যেতে হয়। কেননা, আমার মার দিক দিয়েও, মানে যে ফ্যামিলি থেকে আমার মা এসেছিলেন, তাঁরা অসম্ভব সঙ্গীত রসিক ছিলেন। অতুলপ্রসাদ সেন আমার মামা। কালী নারায়ণ গুপ্তের ফ্যামিলি থেকে উদ্ভব হয়েছিলেন এঁরা। তিনি নিজেও আশ্চর্য সুরকার ছিলেন। ব্রাহ্ম ছিলেন। ভাবসঙ্গীত বলে তাঁর একটা বই আছে। এবং আমার মায়ের দিকে প্রত্যেকে গাইতে পারে। এবং আমি ছেলেবেলা থেকে সেই গানের মধ্যে মানুষ হয়েছি। আমার ঠাকুরদাদার মধ্যেও গান ছিল। ঠাকুরদাদা নিজে বেহালা বাজাতেন, পাখোয়াজ বাজাতেন। বাঁশী বাজাতেন, সেতার বাজাতেন। তিনি সঙ্গীত সম্বন্ধে প্রবন্ধ লিখেছেন। গান রচনা করেছেন। সেই উত্তরাধিকার আমি হয় তো পেয়েছি।” সত্যজিৎ রায় জিনের প্রসঙ্গে বলতে গিয়ে কালী নারায়ণ গুপ্তের কথা বলেছেন, সেই গুপ্তের পুত্র হলেন স্যার কে জি গুপ্ত। পুরো নাম স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত। তিনি অতুলপ্রসাদ সেনের আপন মামা। কে জি গুপ্তের অপর তিন ভাই হলেন প্যারী গুপ্ত, বিনয় গুপ্ত ও গঙ্গাগোবিন্দ গুপ্ত। ছয় বোনের মধ্যে হেমন্ত শশী গুপ্তা ছিলেন সবচেয়ে বড়ো। আর এই হেমন্ত শশীর পুত্রই হলেন অতুলপ্রসাদ সেন। অপর তিন সন্তান ছিলো মেয়ে— হিরণ, কিরণ ও প্রভা।

হেমন্ত শশী গুপ্তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি তৎসময়ে পুনর্বিবাহ করে ভারতবর্ষজুড়ে ব্যাপক আলোড়ন তোলেন। ১৮৯০ সালে তিনি কলকাতায় দেশবন্ধু চিত্তরঞ্জনের জ্যেষ্ঠ পুত্র দুর্গামোহন দাশকে বিয়ে করেন। এটাই ব্রাহ্ম সমাজে প্রথম বিধবা বিবাহের ঘটনা। ১৮৮৪ সালে অতুলপ্রসাদ সেনের বাবা রামপ্রসাদ সেন মাত্র সাইত্রিশ বছর বয়স্কা হেমন্ত শশীকে রেখে মারা যান। স্ত্রীর বয়সের কথা চিন্তা করে মৃত্যুর পূর্বে রামপ্রসাদ সেন একটি ঔদার্যপূর্ণ মন্তব্য করেন, “আমার অবর্তমানে তুমি পুনরায় বিবাহ করো।” কিন্তু অতুলপ্রসাদ সেন এই ঘটনায় প্রচণ্ড ব্যথিত হন। কারণ আজীবন তিনি মাকেই সবচে’ বেশি ভালবেসে গেছেন। মায়ের প্রতি এই সকরুণ অভিমান অতুলপ্রসাদ কোনোকালেই মুছে ফেলতে পারেননি। মার কারণে মায়ের পুনর্বিবাহের পর সৎ পিতার উদার আতিথেয়তা উপেক্ষা করে তিনি মেজো মামা প্যারী গুপ্তের কাছে আশ্রয় নেন। মামা তাঁকে ভর্তি করে দেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। মায়ের সঙ্গে তাঁর স্পর্শকাতর মনের যে গোপন সংঘর্ষ চলছিলো এবং ক্ষত-বিক্ষত হচ্ছিলো নিঃসঙ্গ হৃদয়, তা থেকে বাঁচতেই যেন ধনবান ও শিক্ষিত মাতুলরা তাঁকে ব্যারিস্টারি পড়াতে বিলাত পাঠান। অতুলপ্রসাদ বিলাতে সহপাঠী হিসেবে পান ভারতের নবযুগ নির্মাতা চিত্তরঞ্জন দাশ, শ্রী অরবিন্দ, সরোজিনী নাইডু, দ্বিজেন্দ্রলাল রায়, মনোমোহন ঘোষ প্রমুখকে। এর মধ্যে তাঁর নিঃসঙ্গ জীবনে আরেকটি আলোচিত ঘটনা ঘটে। বড়ো মামা স্যার কে জি গুপ্ত বিশেষ কাজে বিলাতে আসতেন। মামাতো বোন হেমকুসুমের সংস্পর্শে এসে ভিন্ন এক জীবনের সন্ধান পান। অতুলপ্রসাদের আহত হৃদয়ের অজান্তেই দুজন দুজনকে সহমর্মী মনের আবেগে শান্তি এনে দিতে ভালোবেসে ফেলে। তখন এই অসম সম্পর্ক কোনো সমাজেই গ্রহণযোগ্য ছিলো না। কিন্তু তৎকালীন অভিজাত পরিবারে সচ্ছল পরিবেশে বড়ো হয়ে ওঠা হেমকুসুম খুবই একরোখা ও জেদী ছিলেন। যার কারণে তিনি দুই পরিবারের কাছ থেকে বিবাহের অনুমতি আদায় করেছিলেন। কিন্তু সেকালে ভাই-বোনের বিচিত্র বিবাহ আইনে সায় ছিলো না বলে তাদেরকে স্কটল্যান্ডের গ্রেটনাগ্রিনে যেতে হয়। সেখানে এ-ধরনের বিবাহ রীতি বৈধ ছিলো। সময়টা ১৯০০ খ্রিস্টাব্দ। তাদের এই বিয়ে কারো কাছেই আশীর্বাদ ধন্য হয়নি। অতুলপ্রসাদ সেনের মা হেমন্ত শশী কোনোকালেই ভাইঝি হেমকুসুমকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি। অপরদিকে হেমকুসুমও সহ্য করতে পারেননি হেমন্ত শশীকে। এই জটিল পরিস্থিতিতে অতুলপ্রসাদ অভিমানে ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। এসব তাঁর লেখা গানগুলোতেই ফুটে ওঠে। তাঁর লেখা একটি অসামান্য গান হলো :
“ওগো নিঠুর দরদী, একি খেলছ অনুক্ষণ!
তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন।
মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পারতা আমার আঁখি জল, তোমায় করে গো চঞ্চল—”

গুপ্ত জমিদার বংশের সকলের মধ্যে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন কে জি গুপ্ত। ধনাঢ্য জমিদার কালী নারায়ণ গুপ্তের পুত্র কিংবা প্রখ্যাত সঙ্গীত-ব্যক্তিত্ব ব্যারিস্টার অতুলপ্রসাদ সেনের মামা পরিচয় তাঁকে যতোটুকু না গৌরবান্বিত করেছে, তারচে’ অনেক বেশি মহৎ ব্যক্তিত্বে পরিণত করেছিলো তাঁর প্রাজ্ঞ কর্মদক্ষতা। যা পুরো বাঙালি জাতি যুগ যুগ ধরে গর্বে ধারণ করে যাচ্ছে। শ্রেষ্ঠ বাঙালি হিসেবে কে জি গুপ্তের নাম স্বয়ং সত্যজিৎ রায় পর্যন্ত তাঁর সাক্ষাতকারে উচ্চারণ করতেন। এর অন্যতম কারণ হলো, তিনি ছিলেন ব্রিটিশ ভারতে ভাইসরয়ের ইন্ডিয়ান কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য। তিনি আইসিএস (INDIAN CIVIL SERVICE) অফিসার হিসেবে এই সৌভাগ্য অর্জন করেছিলেন। তাঁর সাথে একই গৌরবের অধিকারী ছিলেন সৈয়দ হোসেইন বিলগ্রামী। কে জি গুপ্তই সর্বভারতীয় একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি ইংল্যান্ডের হাউজ অব কমন্সের সম্মানিত সদস্য নির্বাচিত হবার মতো গৌরব অর্জন করেছিলেন। ব্রিটিশ সরকার তাঁকে দুর্লভ সম্মানসূচক উপাধি কেসিএসআই (KNIGHT COMMANDER OF THE STARS OF INDIA)-তে ভূষিত করে। এই উপাধিটিও তাঁর আগে আর কোনো ভারতীয় অর্জন করেননি। সে-সময় ব্রিটিশ প্রশাসন ক্ষণজন্মা এই ভারতীয় বাঙালি রত্নকে ‘স্যার’ উপাধিতে ভূষিত করে।

অবিভক্ত ভারতের কৃতী পুরুষ স্যার কে জি গুপ্ত ২৮ ফেব্রুয়ারি ১৮৫১ খ্রিস্টাব্দে নরসিংদীর ভাটপাড়া গ্রামে গুপ্ত জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা কালী নারায়ণ গুপ্ত শুধু জমিদার হিসেবে পরিচিত ছিলেন না, সমাজ সংস্কারক, প্রগতিশীল ধর্ম ব্রাহ্ম মতবাদের প্রচারক এবং প্রখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে তাঁর খ্যাতি ছিলো ভারতবর্ষব্যাপী। কে জি গুপ্তের পড়াশোনার হাতেখড়ি হয় গ্রাম্য টোলে। কিন্তু গ্রাম্য বিরূপ পরিবেশের কথা চিন্তা করে কে জি গুপ্তকে পাঠানো হয় বিদ্যা অর্জনের জন্যে। প্রথমেই তাঁকে ঢাকার পগোজ স্কুলে ভর্তি করা হয়। পগোজ স্কুল থেকে পরবর্তীতে ট্রান্সফার হয়ে যান ঢাকা কলেজিয়েট স্কুলে। এন্ট্রান্স পাশ করে উচ্চশিক্ষার জন্যে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানকার বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্বীয় প্রতিভার প্রমাণ রাখেন।

বাঙালি হয়েও তিনি বিলাতের অনেক প্রতিভাবান ছাত্রকে ছাড়িয়ে গিয়েছিলেন। সে-সময়ে অবিভক্ত ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র ইংরেজরাই চাকরি করতো। কে জি গুপ্ত তাঁর প্রতিভা ও যোগ্যতা দিয়ে ব্রিটিশ সরকারের এই প্রথা ভেঙে ভারতের প্রথম আইসিএস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজ ট্যালেন্টদের পরাজিত করেই তিনি অফিসার হিসেবে চাকরি পান। তৎকালীন বাংলাভাষী ভারতীয়দের ব্রিটিশরা বড়জোর গৃহপালিত ভৃত্য হিসেবে বিবেচনা করতো। ঠিক এমন সময় স্যার কে জি গুপ্তের এই অবিস্মরণীয় সাফল্য বাঙালির অবস্থান অনেক উঁচুতে নিয়ে যায়।

স্যার কে জি গুপ্ত একই সাথে ইংল্যান্ড এবং ভারতে আইন ব্যবসা শুরু করেন। তীক্ষন প্রতিভা, মেধা, অভিনব কৌশলের গুণে তিনি আইনজীবী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। বিশেষ করে, ইংল্যান্ডে অবস্থান করে ভারতে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতির সময় ভারতের পক্ষাবলম্বন করে ভারতের স্বাধীনতার পথকে সহজ করে তোলেন। সেই সাথে তিনি ইংল্যান্ডের মাটিতে একজন কালজয়ী বাঙালি হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন। স্যার কে জি গুপ্ত অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। জীবনের শেষদিকে ইংল্যান্ডে বড়ো বড়ো চাকরির অফার, লাখ পাউন্ড কামানোর সহজ রাস্তা পরিহার করে তিনি স্বদেশে ফিরে আসেন। কলকাতার বালিগঞ্জ ও ঢাকার লক্ষ্মীবাজারে বাড়ি নির্মাণ করে আইন ব্যবসা শুরু করেন। শেষ জীবনটা তিনি কলকাতায় আইন ব্যবসা করে কাটিয়ে দিলেও মাঝে-মধ্যে ঢাকার লক্ষ্মীবাজারের বাড়িতে এসে থাকতেন। পরবর্তীতে লক্ষ্মীবাজারের বাড়ির রাস্তাটি স্যার কে জি গুপ্ত লেন হিসেবে প্রতিষ্ঠা পায়। ১৯২৬ সালের ২৯ মার্চ স্যার কে জি গুপ্ত বালিগঞ্জের নিজ বাসভবনে হইলোক ত্যাগ করেন। তিনি তৎকালীন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দুপতারা গ্রামের জমিদার পরিবারের প্রসন্নতারা গুপ্তাকে বিয়ে করেছিলেন। প্রসন্নতারা গুপ্তা তৎকালীন গ্র্যাজুয়েট ছিলেন।

ঢাকা ব্রাহ্ম সমাজের আওতাধীন রাজা রামমোহন রায় লাইব্রেরি গড়ে ওঠে ১৮৭১ সালে। উক্ত লাইব্রেরিটি প্রতিষ্ঠার পেছনে কালী নারায়ণ গুপ্ত ও স্যার কে জি গুপ্তের অবদান ছিলো সবচে’ বেশি। তাঁদের আর্থিক দানেই ঢাকা ব্রাহ্ম সমাজের গেইটের ডানপাশে দোতলা ভবনে রাজা রামমোহন রায় লাইব্রেরিটি গড়ে ওঠেছিলো। একসময় লাইব্রেরিটি ঢাকার অন্যতম লাইব্রেরি হিসেবে খ্যাতি পেয়েছিলো। দেশ-বিদেশের হাজার হাজার মহামূল্যবান গ্রন্থের কারণে রাজা রামমোহন রায় লাইব্রেরিটি পণ্ডিত ও শিক্ষিত মহলে বেশ নাম করেছিলো। স্বাধীনতা যুদ্ধের সময় লাইব্রেরিটি পাক হানাদার বাহিনি কর্তৃক আক্রান্ত হলে অধিকাংশ গ্রন্থ পুড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও নতুন করে গড়ে তোলা হয়নি। প্রয়োজনীয় গ্রন্থের অভাবে লাইব্রেরিটি মুখ থুবড়ে পড়ার মতো অবস্থার সম্মুখীন। অথচ বর্তমানে ব্রাহ্ম সমাজের সম্পত্তির উপর সুমনা নামের বিশাল ক্লিনিক তুলে এবং দোকান ভাড়া দিয়ে লাখ টাকা আয় করা হচ্ছে। এই বিশাল অর্থের পাহাড় কীসের জন্যে আয় করা হচ্ছে, সেটা কারো বোধগম্য নয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, ঢাকা ব্রাহ্ম সমাজের উপর ভিত্তি করে ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ আজ দুষ্প্রাপ্য হলেও অল্প কিছু টাকা খরচের অজুহাতে সংস্করণ বের করা হচ্ছে না।

এই ব্যাপারে বেশ কয়েকদিন ঘুরেও ঢাকার সেই ইতিহাস বিষয়ক গ্রন্থটি সম্পর্কে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। ব্রাহ্ম সমাজের আচার্য প্রাণেশ সমাদ্দার অন্যান্যদের ভয়ে মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন। স্যার কে জি গুপ্তের একটি অনন্য দৃষ্টান্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালী নারায়ণ গুপ্ত স্কলারশিপ (কেএনএস) প্রবর্তন। তিনি নিজ অর্থ ব্যয়ে এবং উৎসাহে পিতা কালী নারায়ণ গুপ্তের নামে এই স্কলারশিপ প্রবর্তন করেন। পিতার স্মৃতিকে ধরে রাখার জন্যে কে জি গুপ্তের এই দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজীবন থেকে যাবে। উক্ত স্কলারশিপের বৈশিষ্ট্য হলো, অধিভুক্ত সকল বিষয়ের অনার্স ও সাবসিডিয়ারি পরীক্ষার সম্মিলিতভাবে যিনি সর্বাধিক নম্বর পাবেন, তিনি এই পুরস্কার পাবেন। ইদানিং কালী নারায়ণ গুপ্ত স্কলারশিপটির অবস্থা কী, তা আমাদের জানা নেই। স্যার কে জি গুপ্তের আরেকটি দৃষ্টান্তমূলক কাজ হলো, তিনি নরসিংদী জেলার ঐতিহাসিক পাঁচদোনায় বিদ্যালয় গড়ে তোলেন ১৯১৯ খ্রিস্টাব্দে। তাঁর মৃত্যুর সাত বছর আগে গড়ে তোলা বিদ্যালয়টি আজো মাথা উঁচু করে গর্বের সাথে পথ চলছে। নরসিংদী জেলায় যে-ক’টি বিদ্যালয় বিশেষ কৃতিত্ব অর্জন করেছে, তার মধ্যে সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় ও স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের অবস্থান শীর্ষ পর্যায়ে। পাঁচদোনা ছিলো স্যার কে জি গুপ্তের মামার বাড়ি। তাঁর মামা ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন একজন জগতবিখ্যাত প্রতিভা। তিনি পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ (তরজমাসহ) করে সকল বাঙালি মুসলমানদের কাছে অমর হয়ে আছেন। আলীবর্দী খাঁ’র দেওয়ান রাজা রামমোহন রায়ের বংশধর হলেন গিরিশচন্দ্র সেন। এই বংশেই বিয়ে করেন কালী নারায়ণ গুপ্ত। মায়ের ‘জিন’ই স্যার কে জি গুপ্তের সব প্রতিভার উৎস। মামা গিরিশচন্দ্র সেনকে স্যার কে জি অত্যন্ত শ্রদ্ধা করতেন। গিরিশচন্দ্র সেন যখন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, তখন স্যার কে জি গুপ্ত মামাকে তাঁর কলকাতাস্থ বালিগঞ্জের বাসায় এনে চিকিৎসা করান। কোনোভাবেই তাঁর শরীর সুস্থ হয়ে ওঠছিলো না। গিরিশচন্দ্র সেন বুঝে ফেলেন, তাঁর আয়ু ফুরিয়ে গেছে। এ-কারণে মৃত্যুর পূর্বে তিনি জন্মভূমিতে ফিরে আসেন। ১৫ আগস্ট ১৯১০, সকাল দশটায় ৭৬ বছর বয়সে গিরিশচন্দ্র সেন ইহলোক ত্যাগ করেন। তাঁর মরদেহ নিজ গ্রাম পাঁচদোনায় এনে শেষকৃত্য সম্পন্ন করা হয়। মামা গিরিশচন্দ্রের মৃত্যুর পর স্যার কে জি গুপ্ত ভাটপাড়ার সাথে যোগাযোগ বৃদ্ধি করেন। এলাকার শিক্ষা এবং সামাজিক অবক্ষয়ের কথা চিন্তা করে পাঁচদোনায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এলাকাবাসী বিদ্যালয়টি তার নামে নামকরণ করেন।


আপেল মাহমুদ
সাংবাদিক, গবেষক ও দুষ্প্রাপ্য গ্রন্থ সংগ্রাহক

মোমিন মোটর কোম্পানি : নরসিংদীর প্রথম বাস সার্ভিস

0

প্রাচীন মানুষের আলোচনায় এখনো মোমিন কোম্পানির বাস সার্ভিস নিয়ে নানা স্মৃতিচারণ শোনা যায়। চল্লিশ দশকের শুরুতে তারা ঢাকায় প্রথম সিটি সার্ভিস চালু করে ইতিহাসের অংশ হয়ে আছেন। তারপর সেই বাস সার্ভিস ঢাকা ছাড়িয়ে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, রুহিতপুর, সাভার, ধামরাই, কালিয়াকৈর ও বাবুরহাট-নরসিংদী পর্যন্ত পৌঁছে গিয়েছিলো। মফস্বলের কাঁচা সরু রাস্তা দিয়ে যেখানে স্টেট বাস (সরকারি বাস) চালানোর সাহস করা হয়নি, সেখানে পুরান ঢাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল আজিজ সেই সাহস করে সফল হয়েছিলেন। বাস চলাচলের জন্যে তিনি নিজ খরচায় রাস্তাঘাট প্রশস্ত ও মেরামত করার মতো আর্থিক ঝুঁকি নিয়েছিলেন। তাঁর দেখানো পথেই পরবর্তীতে স্টেট বাস চালু হয়েছিলো। তখন মোমিন কোম্পানির বাস সার্ভিসের সাথে শুরু হয় স্টেট বাসের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার গল্প প্রবীণ মানুষের স্মৃতিচারণে পাওয়া যায়।

ঢাকার ইতিহাসে যোগাযোগ ব্যবস্থার অনেক প্রাচীন উপাদান পাওয়া গেলেও বাস সার্ভিসের বয়স খুব একটা বেশি নয়। ব্রিটিশ শাসনামলে ব্যক্তিগত ও সরকারি মোটরকারের আবির্ভাব ঘটলেও গণপরিবহনের সূচনা হয় অনেক পরে। প্রথমদিকে গণপরিবহন বা বাস সার্ভিস সবকারিভাবে হলেও পরবর্তীতে কিছু ধনাঢ্য ব্যবসায়ীর প্রচেষ্টায় বেসরকারি বাস চলাচল শুরু হয়। এক্ষেত্রে প্রথম নাম আসে মোমিন মোটর কোম্পানির। পুরান ঢাকার লালবাগ এলাকার এক পয়সাঅলা পরিবার প্রথম বেসরকারি বাস কোম্পানি গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর উক্ত কোম্পানির বাস চলাচল শুরু হয়।

মোমিন কোম্পানির বাস চলাচল কীভাবে শুরু হয়েছিলো, সেটা অনুসন্ধান করে জানা যায়, চল্লিশের দশকে পুরান ঢাকার উর্দু রোডের হরনাথ ঘোষ লেনের বাসিন্দা আব্দুল আজিজ ছিলেন সেই কোম্পানির কর্ণধার। তাঁর পিতা আব্দুর রহমান ছিলেন পুরোনো ব্যবসায়ী। উর্দুরোড-চকবাজারের ব্যবসায়ী হিসেবে এই পরিবারের সুনাম ছিলো পুরো ঢাকা জুড়ে। আব্দুল আজিজের আরেক ভাই আব্দুস সাত্তার ছিলেন একজন শিল্পপতি। তিনি ফার্মাদেশ ঔষধ কোম্পানি ও অভিজাত পূর্বাণী হোটেল প্রতিষ্ঠা করে অমর হয়ে আছেন। সেই সময় দুটি প্রতিষ্ঠানই ব্যাপকভাবে পরিচিত ছিলো। হোটল পূর্বাণীর অবস্থান ১ নম্বর দিলকুশা বাণিজ্যিক এলাকায়।

আব্দুল আজিজ

 

আব্দুস সাত্তার

১৯৬৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের আবাসিক হোটেলটি তখন থেকে এখন পর্যন্ত অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আব্দুস সাত্তার ছিলেন বঙ্গববন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর এবং পৃষ্ঠপোষক। পাকিস্তান বিরোধী আন্দোলনে শুধু অংশগ্রহণই নয়, তিনি তাঁর হোটেলে বিনা ভাড়ায় আওয়ামী লীগের অনেক সভা-মিটিং করার সুযোগ দিতেন। অনেক নেতা পাকিস্তানি শাসকদের হুলিয়া নিয়ে কোথাও গা ঢাকা দেয়ার সুযোগ না পেলেও আব্দুস সাত্তার তাঁর পূর্বাণীতে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন। স্বাধীনতার পরও হোটেলটি বঙ্গবন্ধু ও তাঁর সহচরদের জন্যে উন্মুক্ত ছিলো। গবেষকদের মতে, ব্যবসায়ী আব্দুর রহমানের পরিবারটি একান্নবর্তী হওয়ায় মোমিন কোম্পানি প্রতিষ্ঠার সময় তাতে পরিবারের সবাই সংশ্লিষ্ট ছিলেন। এক ভাই দেখতেন ঔষধ ও হোটেল ব্যবসা। আরেক ভাই দেখতেন পরিবহন ব্যবসা। আব্দুর রহমানের মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানা ভাগ-বাটোয়ারা হয়ে যায়।

আব্দুল আজিজ পরিবহনের জন্যে বাস সংগ্রহ করেন দুইভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডে নির্মিত অনেক জিপ ও ট্রাক পরিত্যক্ত হয়ে গ্যারেজে পড়ে থাকে। এক পর্যায়ে সেসব জিপ ও ট্রাক কম দামে অকশনে বিক্রি করে দেয়া হয়। সেসব কিনে ঢাকায় বডি বানানো হয়। স্থানীয়ভাবে বডি তৈরি হয় বিধায় তা দেখতে তেমন সুশ্রী ছিলো না। আবার সরাসরি এলসি করে ইংল্যান্ড থেকে ইঞ্জিন আমদানিও হতো। তখন বাস বডিসহ আমদানি হতো না বলে এগুলো স্থানীয়ভাবে নির্মাণ করা হতো। ফলে ইঞ্জিনগুলো নতুন-পুরাতন হলেও বডিগুলো দেখতে একই রকম ছিলো।

বাস মেরামত এবং গ্যারেজ হিসেবে ব্যবহার করা হতো ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন বিশাল এলাকা। সেখানে সাইনবোর্ড টাঙানো হয়— ‘মোমিন মোটর কোম্পানি’। লোকজন মুখে মুখে বলতো মোমিন মটর কোম্পানি। কিন্তু ‘মোমিন’ নামটি কীভাবে এলো? মনে করা হতো, আব্দুর রহমানের কোনো ছেলে কিংবা বংশধরের নাম অনুসারে নামকরণ করা হয়েছিলো। কিন্তু বাস্তবে তা নয়। ‘মোমিন’ একট আরবি শব্দ, যার অর্থ ঈমানদার বা বিশ্বাসী। এই ধর্মীয় আবেগ থেকেই কোম্পানির এই নাম রাখেন। এই তথ্য আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার জীবিত থাকা অবস্থায়ই বলেছেন। তাঁদের প্রথম বাস সার্ভিস শুরু হয়েছিলো সদরঘাট থেকে রামপুরা পর্যন্ত। তখন রামপুরায় বেগুনবাড়ী খালের উপর কোনো ব্রিজ ছিলো না। প্রাচীন পাণ্ডু নদী শুকিয়ে একসময় সেটা খালে পরিণত হয়েছিলো। পরবর্তীতে তেজগাঁওয়ের পূর্বাঞ্চল বেগুনবাড়ীর দিক দিয়ে একটি খাল কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এজন্যে পুরোনো খালটাও একই নামে পরিচিত হয়ে ওঠে। পরে রামপুরা ব্রিজ নির্মিত হলে বাস সার্ভিস কুড়িল কাজীবাড়ি পর্যন্ত সম্প্রসারণ করা হয়। মধ্যবর্তী সময়ে গুলিস্তান থেকে নাবিস্কো হয়ে গুলশান রিংরোড দিয়ে কিছু হলার বাস বাড্ডা পর্যন্ত চলাচল করতো।

এরপর সদরঘাট থেকে মোমিন কোম্পানির বাস চকবাজার পর্যন্ত যাতায়াত করতো। তখন সদরঘাট, পাটুয়াটুলী, ইসলামপুর, মিটফোর্ড, মোঘলটুলী, বেগম বাজার ও চকবাজার ছিলো মূল ব্যবসা কেন্দ্র। তাই প্রতিদিন সেই পথে হাজার হাজার ব্যবসায়ী, সাধারণ মানুষ যাতায়াত করতো। তাদের কথা চিন্তা করেই মোমিন কোম্পানি সদরঘাট টু চকবাজার বাস সার্ভিস চালু করে। মুঘল আমলের এই রাস্তাটি ব্রিটিশ আমলে পাকা করা হলে বাস, টমটম, রিকশা ও সাইকেল যোগাযোগ সহজতর হয়। সদরঘাট-চকবাজার রোড থেকে বাস সার্ভিসটি সম্প্রসারণ করে গুলিস্তান টু চকবাজার করা হয়।

সেই সময় ঢাকাবাসীর বিনোদন বলতে ছিলো সিনেমা হলগুলো। ঢাকার লোকজন দল বেঁধে বিভিন্ন হলে সিনেমা দেখতে যেতো। তখন হলগুলোতে ভারতীয় ও পাকিস্তানি সুপারহিট হিন্দি ও উর্দু ছবি চলতো। দিলীপ কুমার, দেবানন্দ, মধুবালা, নার্গিস, নুরজাহান প্রমুখের ছবিগুলো দেখার জন্যে দর্শকদের ভিড় জমে যেতো। পুরান ঢাকার লায়ন, তাজমহল, মানসী, নাগরমহল, আজাদ, রূপমহল, শাবিস্তান প্রভৃতি সিনেমা হলে যেতে দর্শকেরা মোমিন কোম্পানির বাসে চড়তেন। তখন রিকশা, ঘোড়ার টমটম কিংবা গরুর গাড়ি এতোটা সহজলভ্য ছিলো না। তাছাড়া সব যানবাহনে ভাড়াও বেশি ছিলো। যার কারণে এক পয়সা, দুই পয়সা ভাড়া দিয়ে তারা মোমিন কোম্পানির বাসে গাদাগাদি করে চলাফেরা করতেন। তখন ঢাকার মধ্যে সবচেয়ে অভিজাত সিনেমা হল ছিলো ‘গুলিস্তান’। সেখানে লুঙ্গি পরে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিলো। সবসময় দর্শকদের প্রচণ্ড ভীড় থাকতো। ঢাকার বিভিন্ন এলাকা থেকে দর্শকরা সেই হলে যেতে বাস ব্যবহার করতো।

বাসগুলোর গতি তেমন ছিলো না। তবে গরুর গাড়ি, টমটম কিংবা রিকশার চেয়ে অনেক দ্রুত চলতো বাসগুলো। শহরের নতুন যান হিসেবে বাসের প্রতি ঢাকাবাসীর আলাদা একটা আকর্ষণ গড়ে ওঠেছিলো। তাই অনেকে শখ করেও বাসে যাতায়াত করতেন। ঢাকার বাস জনপ্রিয় হয়ে ওঠার কারণে বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা টু রুহিতপুর মোমিন কোম্পানির বাস চলাচল শুরু করে।

তখন জিঞ্জিরা ছিলো উদীয়মান ব্যবসা কেন্দ্র। রুহিতপুর ছিলো তাঁতশিল্পের জন্যে বিখ্যাত। তাদের কথা চিন্তা করে সেখানে বাস সার্ভিস চালু করা হয়। কেরানীগঞ্জের মানুষ বাস যোগাযোগকে সাদরে গ্রহণ করেন। কিন্তু তখন সেখানকার রাস্তাঘাট খুব একটা ভালো ছিলো না। ব্রিটিশ আমলে নির্মিত রাস্তাগুলো ছিলো জরাজীর্ণ। তাই মোমিন কোম্পানি নিজ খরচে রাস্তাগুলো সংস্কার করে বাস চলাচলের উপযোগী করে তোলে। মোমিন কোম্পানির দেখাদেখি সেখানে আরো কয়েকজন বাস কোম্পানি গড়ে তোলে। আশির দশক পর্যন্ত সেসব পুরোনো বাসগুলো কেরানীগঞ্জের জিঞ্জিরা-রুহিতপুর রোডে চলাচল করতে দেখা গেছে।

ঢাকা-কেরানীগঞ্জের পরিবহন ব্যবসার সাফল্যের হাত ধরে মোমিন কোম্পানি তাদের রুট নরসিংদী পর্যন্ত সম্প্রসারণ করে। নরসিংদী তখন তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু। বাবুরহাট, মাধবদী, হাসনাবাদ, পুরিন্দা, পাঁচরুখী ও গোপালদী জুড়ে ছিলো অসংখ্য তাঁত ব্যবসায়ী। কাপড় পরিবহনের কথা চিন্তা করে প্রায় ২০ মাইল কাঁচা সড়ক সংস্কার করার উদ্যোগ নেয় মোমিন কোম্পানি। নরসিংদী থেকে তারাব রাস্তাটি ছিলো ডিস্ট্রিক্ট বোর্ডের মলিাকানাধীন। তাই বেসরকারি বাস সার্ভিস চালু করতে গিয়ে কোম্পানিটিকে ডিস্ট্রিক্ট বোর্ড থেকে অনুমতি নিতে হয়। এজন্যে তাদেরকে লিজ মানিও পরিশোধ করতে হয়। ১৯৬২ খ্রিস্টাব্দের দিকে কাঁচা রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করে মোমিন কোম্পানি।

তখন অনেক সতকর্তার সঙ্গে সরু রাস্তা দিয়ে বাসগুলো চলতো। পরবর্তীতে রাস্তা প্রশস্ত এবং পাকা করা হলেও মোমিন কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি বাস চলাচল শুরু করে। সরকারি বাসগুলোকে তখন স্টেট বাস বলা হতো। কে বেশি যাত্রী পাবে, তা নিয়ে মোমিন কোম্পানি ও স্টেট বাসের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। তখন এক বাস আরেক বাসকে ওভারটেক করে সামনে যাওয়ার জন্যে সাইড দিতো না। যার ফলে অনেক সময় বাস রাস্তার পাশে ছিটকে পড়তো। ছোটোখাটো দুর্ঘটনা ঘটতো প্রায়ই। সময়ের ব্যবধানে সেই প্রতিযোগিতা অনেক কমে যায়। মোমিন কোম্পানি ও স্টেট বাসের পাশাপাশি আরো কয়েকটি কোম্পানি সেই রুটে বাস সার্ভিস শুরু করে। তারাব-ডেমরায় ফেরি সার্ভিস শুরু হলে নরসিংদী থেকে ঢাকায় সরাসরি যোগাযোগ স্থাপিত হয়।

পুরান ঢাকার একাধিক প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার বাস সার্ভিসের শুরুতে মোমিন কোম্পানির দাপট ছিলো মফস্বল এলাকায়। তারা কেরানীগঞ্জ ও নরসিংদী এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তারা সেখানে বাস সার্ভিসের পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন করেছে। অপরদিকে ঢাকায় পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করতেন মাওলা বখত সরদার ও হাবিবুর রহমান খান। তারা ঢাকা-ধামরাই, ঢাকা-নবাবগঞ্জ রুটে পরিবহন সার্ভিস চালু করেন। ঢাকা ভ্যাহাইক্যাল এসোসিয়েশন টাউন সার্ভিস চালু করে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। তারা দুটি রুটে বেশ কিছু গাড়ি চালাতো। তবে একক ব্যবসায়ী হিসেবে মোমিন কোম্পানির কর্ণধার বেশ প্রভাবশালী ছিলেন। তিনি ঢাকার ঈদ মিছিলের নেতৃত্ব দিতেন। দীর্ঘদিন সেই মিছিল আয়োজক কমিটির সেক্রেটারি ছিলেন আব্দুল আজিজ। সভাপতি ছিলেন জুম্মন সরদার।


আপেল মাহমুদ
সাংবাদিক, গবেষক ও দুষ্প্রাপ্য গ্রন্থ সংগ্রাহক

মোহাম্মদ হানীফ পাঠানের ‘বায়ান্নর পাণ্ডুলিপি’ : ভাষা আন্দোলনের এক দুর্লভ দলিল

মুসলমানের জন্মগত ও প্রকৃতিগত ভাষা উর্দু হইলে অন্যান্য মুসলিম রাষ্ট্রে উর্দু রাজভাষার মর্যাদা পায় নাই কেন? আমরা জন্ম হইতেই আজান, কলেমা শুনি বলিয়া এবং শত শত আরবী ফারসী শব্দ ব্যবহার করি বলিয়া উর্দুকে রাষ্ট্রভাষা করা উচিত ইহা একটি হাস্যকর যুক্তি।

জমিয়তে ওলামায়ে ইসলাম নামে ভারতবর্ষের একটা রাজনৈতিক দল, যেটা প্রতিষ্ঠা লাভ করে ১৯১৯ সালে জমিয়তে উলামায়ে হিন্দ নামে, পরে পাকিস্তান আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করে এটি আলাদা হয়ে যায় ১৯৪৫ সালে এবং স্বাধীনতার পর পাকিস্তানে তারা প্রভাবশালী রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। নতুন রাষ্ট্র পাকিস্তানের ‘রাষ্ট্রভাষা’ কী হবে, এই আলোচনা ও বিতর্কসমূহ যখন ব্যাপকভাবে চলছিলো, তখন এই সংগঠনটি উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে ৫০ টি যুক্তি তুলে ধরে। ১৯৫১ সালে তারা এ-বিষয়ে একটি পুস্তিকা প্রকাশ করে ‘উর্দুর পক্ষে পঞ্চাশ পয়েন্ট’ নামে।

তৎকালীন ঢাকা জেলার (বর্তমান নরসিংদী জেলাধীন বেলাব উপজেলার) বটেশ্বর গ্রামের স্কুলশিক্ষক মোহাম্মদ হানীফ পাঠান (১৯০১-১৯৮৯), যিনি একজন ইতিহাসকার, প্রত্ন অন্বেষক ও লোকগবেষক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এবং এই গ্রামে বসেই একটি মাসিক পত্রিকা প্রকাশের সাথে যুক্ত ছিলেন, তিনি জমিয়তে উলামায়ে ইসলামের উর্দুর পক্ষের ৫০ যুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে ৫২ টি যুক্তি তুলে ধরেন। এ-বিষয়ে তিনি একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিটি পয়েন্টের বিপরীতে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে মাতৃভাষা বাংলার প্রয়োজনীয়তা খুব সাবলিলরূপে তাঁর পাণ্ডুলিপিতে তুলে ধরেন। কিন্তু পরিতাপের বিষয়, পাণ্ডুলিপিখানা তখন প্রকাশিত হয়নি। যদি প্রকাশিত হতো, তবে জাতীয়ভাবে ব্যাপক পঠিত হতো এবং আলোড়ন তুলতো।

এই পাণ্ডুলিপিখানা ‘বায়ান্নর পাণ্ডুলিপি : বাংলা বনাম উর্দূ রাষ্ট্রভাষা বিতর্ক’ নামে ২০০৫ সালে প্রকাশিত হয় বটেশ্বর গ্রাম থেকে। বোঝাই যায়, গ্রন্থটি খুব বেশি প্রসার ও প্রচার লাভ করেনি।

‘বায়ান্নর পাণ্ডুলিপি’টি অর্থাৎ ‘বাংলা ভাষার পক্ষে ৫২ পয়েন্ট’ মোহাম্মদ হানীফ পাঠান সমাপ্ত করেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সেই রক্তঝরা ইতিহাস রচিত হবার পূর্বেই। আমরা এখানে কয়েকটি পয়েন্ট উদাহরণস্বরূপ উল্লেখ করছি :

জমিয়তে উলামায়ে ইসলামের পয়েন্ট
মুসলমানের আল্লাহ এক, রছুল এক, কিতাব এক, ধর্ম এক, কেবলা এক, কাবা এক, পতাকা এক, লক্ষ্য এক। সুতরাং তাদের রাষ্ট্রভাষাও এক হওয়া চাই। আরবীকে রাষ্ট্রভাষা করাই ছিল সবচেয়ে বাঞ্ছনীয়। উর্দুকে রাষ্ট্রভাষা করা সেই লক্ষ্যের প্রথম ধাপস্বরূপ।

মোহাম্মদ হানীফ পাঠানের উত্তর
সব বিষয়ের উপর এক এর আরোপ করা যুক্তি নহে। যদি তাহাই হইত তবে মুসলমানের রাজা এক, রাজ্য এক, রাজধানী এক, মন্ত্রী এক, ভাষা এক, ফসল এক, জমি এক, খাদ্য এক ইত্যাদি সবই এক হইত। তবে আর পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রয়োজন কি? আরব বা মিশরের সঙ্গে একত্রীভূত হইয়া যাওয়াই যুক্তি! কিন্তু আল্লাহ ঐক্যের ভিতর দিয়া বৈচিত্র্যকেই পছন্দ করেন। তিনি নর সৃষ্টি করিয়াই ক্ষান্ত হন নাই— নারীও সৃষ্টি করিয়াছেন। কেবল সাদা আদমীই সৃষ্টি করেন নাই— কালো আদমীও সৃষ্টি করিয়াছেন। কেবল গভীর সাগর সৃষ্টি করেন নাইÑ উচ্চ পাহাড় ও মরুভূমিও সৃষ্টি করিয়াছেন। এইরূপ দিবারাত্র, শীত গ্রীষ্ম, পণ্ডিত মূর্খ, দ্বীন বেদ্বীন ইত্যাদি কত বৈচিত্র্য দিয়াই না তিনি জগতকে সুন্দর করিয়া সাজাইয়া রাখিয়াছেন।
ভিন্ন ভিন্ন ভাষাও আল্লাহর এক একটি বিচিত্র সৃষ্টি। এই প্রকৃত বৈচিত্র্যকে অস্বীকার করিয়া কল্পনার ফানুসে ভাসিয়া প্রধানমন্ত্রীর বাড়ী ও আমার বাড়ী এক, প্রধানমন্ত্রীর খাদ্য ও আমার খাদ্য এক ভাবিলে কি আমার দিন সুখে গুজরান হইবে? না, পাকিস্তানকে অন্য কোনও মুসলমান রাজ্যের সঙ্গে এক করিয়া দিলে কোন গৌরব হইবে কি? ফলতঃ ধর্মের মৌলিকতা ও ইসলাম জগতের ঐক্য রক্ষার জন্য আরবী ভাষা অবশ্যই আমাদের শিখিতে হইবে। তাই বলিয়া আরবীকে রাষ্ট্রভাষা করিতে হইবে বা কিছুকাল উর্দুকে রাষ্ট্রভাষারূপে ব্যবহার করিতে হইবে, ইহা কোন যুক্তি নহে, নিছক ছুতা মাত্র। একই ভাষাভাষীদের মধ্যে এমনকি আরবেই ভিন্ন ভিন্ন রাষ্ট্র গঠন করিবার কারণ কি?

জমিয়তে উলামায়ে ইসলামের পয়েন্ট
বাংলা, হিন্দি প্রভৃতি ভাষা হিন্দুর। আরবী, পারসী প্রভৃতি ভাষা মুসলমানের। এমন একটা উৎকট ও বাস্তব সত্যকে ধামাচাপা দিয়া যাহারা আজ বাংলার আশেক হইয়া পড়িয়াছেন তাহাদের জন্য বড়ই আক্ষেপ ও অনুতাপ।

মোহাম্মদ হানীফ পাঠানের উত্তর
আরবী, পারসী যথাক্রমে পৌত্তলিক ও অগ্নি উপাসকদের ভাষা ছিল। আর উর্দু ত দিল্লীর বাদশাহগণের সিপাহীদের ভাষা ছিল অথবা বিভিন্ন দেশ হইতে আগত দিল্লীর বাসিন্দাদের বাজারের ভাষা ছিল। তুর্কি শব্দ উর্দু অর্থ সৈনিক বা সেনানিবাস। সাধনা দ্বারা এইগুলিকে ইসলামী ভাষায় পরিণত করা হইয়াছে। তেমনি সাধনা দ্বারা ইসলামী ভাবসম্পদে পূর্ণ করিয়া বাংলা, হিন্দিকে ইসলামী ভাষায় পরিণত করিতে কোন নিষেধ নাই। কাজেই বাংলার আশেকগণের জন্য কাহার উৎকট আক্ষেপের প্রয়োজন নাই। বরং যাহারা এইরূপ সংকীর্ণ মনোভাব পোষণ করেন তাহারাই অনুতাপ করিতে পারেন।

জমিয়তে উলামায়ে ইসলামের পয়েন্ট
…মুসলমানের ভাষা ও ভাবধারা জন্ম হইতেই এছলামিক। আমরা শত শত আরবী শব্দ ব্যবহার করি। এতে প্রমাণিত হইল উর্দু মুছলমানের জন্মগত ও প্রকৃতিগত ভাষা। কাজেই স্বভাব ও প্রকৃতির দাবী অনুসারেই উর্দুকে রাজভাষা করা উচিত।

মোহাম্মদ হানীফ পাঠানের উত্তর
মুসলমানের জন্মগত ও প্রকৃতিগত ভাষা উর্দু হইলে অন্যান্য মুসলিম রাষ্ট্রে উর্দু রাজভাষার মর্যাদা পায় নাই কেন? আমরা জন্ম হইতেই আজান, কলেমা শুনি বলিয়া এবং শত শত আরবী ফারসী শব্দ ব্যবহার করি বলিয়া উর্দুকে রাষ্ট্রভাষা করা উচিত ইহা একটি হাস্যকর যুক্তি। যেমন এখান থেকে মারলাম তীর লাগলো কলাগাছে, হাঁটু বেয়ে রক্ত পড়লো, চোখ গেলরে বাবা। বাংলা ভাষায়ও আমরা শত শত আরবী ফারসী শব্দ ব্যবহার করিতেছি এবং প্রয়োজনবোধে আরো করিব। কাজেই বাংলা ভাষাও স্বভাবের দাবি করিতে পারে।

জমিয়তে উলামায়ে ইসলামের পয়েন্ট
পাকিস্তানের সংহতি ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত। অতএব ধর্মভাবকে প্রবল ও বিস্তার করার জন্য ইসলামী ধর্মভাষা উর্দুকেই রাষ্ট্রভাষা করা উচিত ও যুক্তিসংগত।

মোহাম্মদ হানীফ পাঠানের উত্তর
ইসলামী ভাষা বলিয়া যদি কোন ভাষা থাকে তবে তাহা আরবী। যদি বলিলাম এইজন্য যে পূর্ব যমানায় আরবী ছাড়াও অন্যান্য ভাষায় আল্লাহর অহি নাজিল হইয়াছিল, তখন তাহাই ইসলামী ভাষা ছিল। যেমন ইনযিল সুরিয়ানী ভাষায় ও যবুর ইউনানী ভাষায় নাজিল হইয়াছিল। তাহাও তৎকালীন পয়গম্বরগণের মাতৃভাষাতেই হইয়াছিল। পৃথিবীর সকল ভাষাকেই সাধনা দ্বারা ইসলামী ভাষায় পরিণত করা যাইতে পারে; পারশী ভাষা ইহার নজির। আমরাও সেইসব দৃষ্টান্তে অনুপ্রাণিত হইয়া সাত আট কোটি লোকের মাতৃভাষাকে ইসলামী ভাবসম্পদে ভরপুর করিয়া ইসলামী ভাষায় পরিণত করিব। ইহার প্রথম এবং প্রধান সুযোগ মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দান করা। ধর্ম, আইন, সাহিত্য, বিজ্ঞান, ইত্যাদি সর্ব সাধারণের মধ্যে দ্রুত প্রচার ও প্রতিষ্ঠা করিতে মাতৃভাষার সাহায্য ভিন্ন গত্যন্তর নাই।

জমিয়তে উলামায়ে ইসলামের পয়েন্ট
…উর্দু আন্তর্জাতিক ভাষা। …বিজ্ঞান, দর্শন, রাজনীতি, শিল্প, বাণিজ্য সর্ব বিষয়ের প্রতিশব্দ উর্দুতে বিদ্যমান। …পক্ষান্তরে বাংলা প্রাদেশিক ও আঞ্চলিক ভাষা, ইহা আন্তর্জাতিক প্রতিভাশূন্য। এতে বিদেশী শব্দের বিকট দুর্ভিক্ষ।

মোহাম্মদ হানীফ পাঠানের উত্তর
ইহা হাস্যকর উক্তি। কারণ বাংলা প্রায় আট কোটি লোকের মাতৃভাষা সেইস্থলে উর্দু ভাষাভাষীর সংখ্যা দু’তিন কোটির বেশি হইবে না। সর্ব বিষয়ের প্রতিশব্দ কোনও ভাষাতেই সম্পূর্ণরূপে পাওয়া যায় না। এক ভাষার শব্দ অন্য ভাষাতে চিরকাল গ্রহণ করিয়াছে এবং করিবে, ইহাই বৈজ্ঞানিক সত্য। উর্দু এইরূপ স্বয়ংপূর্ণ ভাষা বলিয়া দাবি করা হাস্যকর শুনায়। সাত আট কোটি লোকের মাতৃভাষা যদি আঞ্চলিক ভাষা হয় এবং সেই ভাষ্য যদি আন্তর্জাতিক প্রতিভাশূন্য হয়, তবে জিজ্ঞাস্য এই যে, এই ভাষা তিন তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হইতেছে কিরূপে? সেই ভাষার কবি নোবেল প্রাইজ পান কীরূপে? সেই ভাষার কবি সাহিত্যিকগণ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন কীরূপে? পরাধীন অবস্থায় যাহা হইয়াছে আযাদী পাওয়ার পর তাহার শত গুণ এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় সমাসীন হইলে সহস্র গুণ উন্নতি হইবে তাহা নিঃসন্দেহে বলা যায়।

পুরো ৫২ পয়েন্ট এখানে প্রকাশ করার সম্ভব নয়, তাই পাঠকের বোঝার স্বার্থে কয়েকটা যুক্তিতর্ক উপস্থাপন করা হলো। মোদ্দা কথা হলো, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার মহৎ আন্দোলনে সারা বাংলার শিক্ষিত প্রাজ্ঞ মানুষজন যার যার অবস্থান থেকে যেভাবে লড়াই করেছেন, মোহাম্মদ হানীফ পাঠানের এই বায়ান্নোটি পয়েন্ট প্রয়োজনীয় দুর্লভ এক অবদানের দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। নরসিংদীর বটেশ্বর গ্রামের এই স্কুলশিক্ষক বহুমাত্রিক জ্যোতির্ময় ছিলেন, এ-কথা নির্দ্বিধায় বলা যায়।

হাবিবুল্লা পাঠানের কাছে গেলাম, যন্ত্র-রাষ্ট্রের খবর জানতে

0

মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। ইতিহাসে নিবেদিত যার চোখ ও হৃদয়। থাকেন নিজের গ্রামেই, যে-গ্রামে তাঁর জন্ম, বেড়ে ওঠা আর দৃপ্তভরে পদচারণা ৮৭ বছর ধরে। ৮৮ বছরে পা দিলেন এ-বছর ফেব্রুয়ারির ৭ তারিখে। নিজের গ্রাম আর গ্রামের মাটি তাঁর আরাধ্য বিষয়। মাটির গভীরে সঞ্চিত রাখা আছে যে-মহাকালিক অতীত; যে-অতীতের কোনো হদিস জানা ছিলো না কারোরই, তা তিনি ধীরে ধীরে মাটির উপরে পাদপ্রদীপের আলোয় উন্মোচিত করেছেন থরে থরে। সবাই বিস্মিত হয়েছে।

এটা তাঁর গ্রাম, বটেশ্বর। এখানেই থাকেন তিনি, তাঁর পথপ্রদর্শক পিতার ভূমিতে, যে-পিতা তাঁকে হাতেখড়ি দিয়েছেন কেবল মাটির দিকে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকার এক অবিনাশী অভ্যাসের, যা এই ৮৭ বছর বয়সেও এক মুহূর্তের জন্যে বিস্মৃত হতে পারছেন না।

আমরা কয়েকজন বাইকে চেপে চলে গেলাম গাছপালার অফুরান স্নেহচ্ছায়াঘেরা গ্রাম বটেশ্বরে। তখন দ্বিপ্রহর। খুঁজে পেতে কষ্ট হয় না এই বাড়ি। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ‘বটেশ্বর প্রত্ন সংগ্রহশালা ও গ্রন্থাগার’ নামের চৌচালা টিনশেড ঘরটি দু’ কক্ষ বিশিষ্ট। হাবিবুল্লা পাঠান গত সাত দশক ধরে যা কুড়িয়েছেন মাটির নিচ থেকে আর আশপাশের গ্রামের নানা মানুষজনের নিকট থেকে, তা এখানে সঞ্চিত করে আগলে আছেন। আমরা যখন পৌঁছুলাম, তখন তিনি এর একটি কক্ষের চৌকিতে ঘুমোচ্ছেন। আমরা অপেক্ষা করছিলাম তাঁর জেগে ওঠার। আমরা জানতাম, তিনি ইদানিং প্রায়ই নানা অসুখে ভুগছেন। শরীর ও মন কোনোটাই তাঁর স্বস্তি শান্তি আর নিরুদ্বিগ্ন নাই— এগুলো আমরা আগেই জানতাম।

যাবতীয় আলাপ-সালাপের পর ঘুরে-ফিরে সেই একই জায়গায় তিনি এবং আমরা মিলিত হই, আর তা হচ্ছে— তাঁর দেহাবসানের পর কী হবে সবকিছুর? তিনি এবং আমরা যে-শব্দ উচ্চারণ করে তৃপ্তি (!) ও বিষাদাক্রান্ত হই, তা হলো, ‘লোপাট’, ‘বেহাত’, ‘দখল’ ইত্যাদি!

ঘুম থেকে জেগেই সহজাত ভঙ্গিতে কথা বলা শুরু করলেন। তাঁর পিতার কথা, তাঁর কথা, নানা ধরনের প্রত্নসামগ্রী সংগ্রহের গল্প। আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। জানালেন তাঁর মনের ভেতর সবসময়ই চেপে রাখা সেই অমোঘ অভিমান ও ক্ষোভের অনল! তাঁর মারা যাবার পর কী হবে এইসব সাতদশকের তিল তিল করে গড়ে তোলা সঞ্চিত রত্নরাজির! তিনি কোনো আশার আলো দেখতে পান না। পরিবারেও এমন কেউ নেই এগুলো যত্ন আর ভালোবাসার শক্তিশালী রক্ষাব্যূহ হয়ে আগলে রাখার। আর সরকারের বা রাষ্ট্রের কাছে আবেদন করে করে আর কিছু লাভ নাই আর! আর কতো! এটা তো বেদনাদায়ক আরেক উপাখ্যান! যেমন ‘জাদুঘর’। গোটা সময় আমরা লক্ষ্য করেছি, এই বিষয়ে তিনি কথা বলতে ইচ্ছুক না। সরাসরি বলেননি, কিন্তু আমরা প্রসঙ্গ তুললেই তিনি কথা অন্যদিকে ঘুরিয়ে দেন। আমরা বুঝতে পেরেছি, তিনি এ-বিষয়ে কতোটা হতাশ আর বিরক্ত!

উয়ারী-বটেশ্বর-টঙ্গীরটেকসহ গোটা অঞ্চলেই প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে যেসব সামগ্রী পাওয়া গেছে এবং হাবিবুল্লা পাঠানের কাছে যেসব সামগ্রী সঞ্চিত আছে, সব সংরক্ষিত থাকার জন্যে একটি ‘জাদুঘর’ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করে সরকার আর সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নামও ঠিক করে ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’। ২০১৯ সালে এই জাদুঘরের কাজ শুরু হয় এবং তা এক বছরের মধ্যেই সমাপ্ত হবার কথা। কিন্তু হায়, সাত বছর অতিবাহিত হলেও এটির কাজ সমাপ্ত হবার প্রসঙ্গ তো অনেক দূরের আলাপ, বরং যতোটুকু শেষ হয়েছে, তা-ও অযত্ন-অবহেলায় পতিত স্থাপনায় পরিণত হয়েছে।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠান কথা বলছিলেন আমাদের সাথে। তাঁর ঘরে। যেখানে দুটি বড়ো সাইজের শেলফে কাচবন্দী আছে তাঁর আহরিত রত্নভাণ্ডার। উয়ারী ও বটেশ্বর এবং গোটা প্রত্নঅঞ্চল থেকে ৭০ বছর ধরে সংগ্রহ করা আড়াই হাজার বছর আগেকার বহুবিচিত্র সামগ্রী, যেমন : বঙ্গভারতের দুর্লভ নিদর্শন বিষ্ণুপট্ট, ব্রোঞ্জ বা তামার তৈরি অনুপম শিল্পমণ্ডিত ধাবমান অশ্ব, বৌদ্ধ-শৈব নৈবেদ্যপাত্র, পাথরের বাটখারা, কচ্ছপ, হস্তী, হাঁস, পোকা, ফুল, অর্ধচন্দ্র প্রভৃতি মন্ত্রপুত কবচ, পোড়ামাটির তৈরি কিন্নর, বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি, স্বল্পমূল্যবান পাথর ও কাচের পুঁতি ইত্যাদি।  এসব সামগ্রীই যে এই শেলফে আছে এমন নয়। তবে আছে, গোপন শেলফে। চারদিকে সুশীল প্রত্নপ্রেমিকের ছদ্মবেশে তস্করের ছড়াছড়ি। বলছিলেন তিনি। পুঁতির মালা আর কয়েক ধরনের পুঁতি নিয়ে তাঁর ব্যক্তিগত গবেষণা এখনো চলমান।

কথা বলছিলাম ধীমান বয়স্ক এক প্রত্ম আর ইতিহাসের নিবেদিতপ্রাণ ঋষির সাথে। আমরা কয়েকজন। ফাঁকে ফাঁকে চলছে চা-নাস্তা পর্ব। তিনি এই বয়েসেও যে-মাত্রায় ধূমপান আঁকড়ে ধরে আছেন, তা দেখাও এক বিস্ময়!

তিনি বলছিলেন তাঁর জীবনের নানা অভিজ্ঞতার সারাৎসার। তাঁর ভাটকবিতা প্রকাশের গল্প, কয়েক খণ্ড লোককাহিনি সংগ্রহের বিচিত্র ও অভূতপূর্ব অভিজ্ঞতার কথা, গাজীপুরের মেয়েলি গীত সংগ্রহ করতে গিয়ে কীরকম হেনস্তার শিকার হয়েছেন, সেসব ঘটনা শুনতে শুনতে আমরা বুঝতে চেষ্টা করি তাঁর সমগ্র জীবনের অমোঘ ঝোঁক ও নেশার মতো লেগে থাকা  এক সংগ্রাহক আর সংকলকসত্তার ভেতরটা। তবে সম্পূর্ণ বুঝতে পারাটা এতোটা সহজ তো নয়— এটা জানি।

যাবতীয় আলাপ-সালাপের পর ঘুরে-ফিরে সেই একই জায়গায় তিনি এবং আমরা মিলিত হই, আর তা হচ্ছে— তাঁর দেহাবসানের পর কী হবে সবকিছুর? তিনি এবং আমরা যে-শব্দ উচ্চারণ করে তৃপ্তি (!) ও বিষাদাক্রান্ত হই, তা হলো, ‘লোপাট’, ‘বেহাত’, ‘দখল’ ইত্যাদি!

তাঁর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাড়ির পাশেই ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’ নামক শাপগ্রস্ত সেই স্থাপনার ভেতর যাই। দেখি জঙ্গলাকীর্ণ ধুলা আর বহুস্তর বিশিষ্ট মাটিতে মুছে যাওয়া স্থাপনার নকশাবোর্ড, ভিত্তিপ্রস্তর স্থাপনের পিলার…। সমগ্র স্থাপনাটির নকশা, ডিজাইন ও পুরো জাদুঘরের পরিকল্পনায় আমরা মুগ্ধ হই। কিন্তু এটা এখন গোচারণভূমি আর গাঁজাখোরদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, দেখলেই বোঝা যায়। রাষ্ট্রের বা জনগণের কোটি কোটি টাকার কী শ্রাদ্ধশান্তি!

২০১৯ সালে শুরু হওয়া ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’-এর নির্মাণাধীন স্থাপনা

রাষ্ট্র সরকার সংস্কৃতিমন্ত্রণালয় প্রত্নতত্ত্বঅধিদপ্তর গবেষক লেখক মন্ত্রী জেলাপরিষদ ঠিকাদার ইঞ্জিনিয়ার শ্রমিক… আরো কিছু পার হয়ে, এবং এদের প্রত্যেকের অভ্যন্তরে আরো অনেক লাভালাভের গল্প-টানাপোড়েন কতো কতো সংঘাত-সংকট পেরিয়ে হাবিবুল্লা পাঠানের আগলে রাখা সঞ্চিত সম্পদ ওখানে কী করে পৌঁছুবে— রাষ্ট্রের জনগণের জন্যে প্রদর্শনের, গবেষণার, শিক্ষা লাভের, সর্বোপরি একটা জাতির সভ্য হবার শর্তগুলো পূরণ হওয়া পর্যন্ত কতো আর অপেক্ষা করতে হবে, তা এই জাতি আসলেই হয়তো জানে না। সিস্টেম মানুষের উপকারের জন্যে, শৃঙ্খলাপূর্ণ পদ্ধতিচর্চার সহায়ক হবার জন্যে। সিস্টেম মানুষের জীবনীশক্তি, ধৈর্যশক্তি নিঃশেষ করার জন্যে নিশ্চয়ই নয়!

এই রাষ্ট্রের সিস্টেম নিয়ে আলাপ করতে করতে আমরা উয়ারী গ্রামে যাবার মনস্থির করলাম। যে-গ্রামে উৎখনন হয়েছিলো কয়েক দফায়, এবং মূলত, এই উৎখননের ফলেই খুলে যায় এক প্যান্ডোরার বাক্সের; আবিষ্কৃত হয় আড়াই হাজার বছর আগেকার এক দুর্গনগরীর, যেটা ছিলো মূলত টলেমি বর্ণিত গঙ্গারিডাই জাতির এক মহাবাণিজ্য বন্দর।

আমরা চলছিলাম দুটো বাইকে চড়ে, পাঁচজন। সেখানে আমাদের জন্যে অপেক্ষা করছে কী যে অদ্ভুত বাংলাদেশ, তা তখনো আমাদের ধারণায় ছিলো না। ঘনবসতিপূর্ণ নয় এখনো, এরকম গ্রামাঞ্চল পার হচ্ছি আমরা প্রচুর গাছপালার ছোটো ছোটো উদ্যান পেরিয়ে, বুকে নির্মল বাতাস ভরে নিয়ে, অপরাহ্ণের শেষ আলোয়।

উয়ারী গ্রামের এই খননকৃত জায়গাটিতে পৌঁছুতে হলো আমাদের দু’ঘর গ্রামবাসীর উঠোনের উপর দিয়ে, অনেক দ্বিধার সাথে। একটা প্রত্নস্থানে প্রবেশের পথ কেন এরকম, ভাবতে ভাবতে আমরা ঢুকে গেলাম প্রাচীর ঘেরা একটি স্থানে। এই সেই স্থান, যেটাতে এই শতাব্দীর প্রথম দশকে কয়েক দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মিলিত প্রচেষ্টায় অনেক দফায় খননকার্য পরিচালনার মাধ্যমে যে-ইতিহাস উন্মোচিত হয়েছে, তাতে ‘বাঙলার ইতিহাস’ নূতন করে রচনা করতে হচ্ছে ইতিহাসবিদ ও গবেষকদের। এসব কথা আমাদের অনেক আগেই জানা ছিলো। মোটামুটি সবাই জানে এসব কথা। গত ১৫-২০ বছর ধরেই জানে। কিন্তু এ কী তার রূপ! প্রায় জঙ্গল হয়ে যাওয়া একটা কবরস্থানের মতো মনে হলো। কিন্তু কবরস্থানে বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক! হ্যাঁ, এটা সত্যি যে, এখানে এই স্বল্পপরিসর জায়গাটিতে বাচ্চাদের খেলাধুলা করার জন্যে স্থাপন করা হয়েছে স্লিপার, দোলনা, খেলনা হাতি-ঘোড়া ইত্যাদি। যেই স্থানটি সংরক্ষিত থাকার কথা, তার উপর দিয়েই জুতোর থপথপ আওয়াজ তুলে এইসব খেলাধুলার সামগ্রীতে চড়ছে বালক-বালিকারা। পৃথিবীর কোনো প্রত্নস্থানে এরকম গরু-ছাগল এবং মানুষের অবাধ চলাফেরা ঘটিয়ে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতি করা হয় কি না, এসব জানতে জানতে ভাবি, এগুলো দেখভাল করার কি কেউ নেই? এমন সময় লাগোয়া বাড়ির ভেতর থেকে এলেন আনোয়ারা বেগম নামের মাঝবয়েসী এক মহিলা। বললেন, তিনি দেখভাল করার দায়িত্বে ছিলেন অনেক দিন। এখন নাই। করোনার পর থেকে তাকে টাকা-পয়সা দেয়া বন্ধ করে দেয়া হয়। সরকার পরিবর্তনের পর তাকে বলে দেয়া হয়েছে, এখানে আর দেখভালের দরকার নেই। আমরা জিজ্ঞেস করি, কারা তাকে নিয়োগ দিলো আর কারা তাকে ছাড়িয়ে দিলো? তিনি বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের কথা।

আনোয়ারা বেগমের সাথে আরো অনেক কথাই হলো। তার কথায় প্রচুর খেদ। তার জমি নাকি কেড়ে নেয়া হয়েছে। কে জানে, আসলে তার কথা ঠিক কি না! সুফি মোস্তাফিজুরের উপর খুবই ক্ষোভ তার।

কর্তৃপক্ষের নিকট ‘পৃথিবীর প্রথম উন্মুক্ত জাদুঘর’ স্থাপনের তৃপ্তিমিশ্রিত ঢেঁকুর থাকলেও সেটা কতোটা উন্মুক্ত আর কতোটা উন্মুক্ত নয়, উন্মুক্ত জাদুঘর বললেই সেটা যে বাপ-মা বিহীন হয়ে যায় না— এই ব্যাপারে বোঝাপড়ার ধরন দর্শনার্থীরা তখনই বুঝে ফেলবেন, যখন দেখবেন ‘উন্মুক্ত জাদুঘর’ সংক্রান্ত বিলবোর্ডই  নষ্ট হয়ে গেছে!

যাই হোক, আমরা বুঝলাম, এই খননকৃত প্রত্নস্থানটিতে এসে আমাদের কিছুই লাভ হয়নি। অথবা হয়তো হয়েছে। ইতিহাসের একটা আকরভূমি, কোটি কোটি টাকা খরচ করে খননকৃত এক মহা আবিষ্কারকে রাষ্ট্র এভাবে হেলাফেলার বস্তু বানিয়ে ফেলে রেখেছে— কীভাবে জানা হতো, না এলে আজ!

চলে যাচ্ছিলাম। বাইকের কাছাকাছি আসতেই এক মহিলা পার্কিং চার্জ দাবি করে বসলো, বাইকপ্রতি বিশ টাকা। আমরা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই প্রায় খেঁকিয়ে ওঠলো মহিলাটি। “উনি কি নৈতিক কাজ করছে?” এরকম প্রশ্নে আমরা দিশেহারা। কাকে উদ্দেশ্য করে বলছে, জিজ্ঞেস করতেই সেই একই নাম উচ্চারণ করলো, সুফি মোস্তাফিজুর রহমান।

বাইকে চড়তে চড়তেই হঠাৎ মনে পড়ে গেলো পাঁচদোনার গিরিশ প্রত্নমিউজিয়ামের কথা। মনীষী ভাই গিরিশচন্দ্র সেনের স্মৃতি রক্ষার্থে জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই মিউজিয়ামটির নির্মাণেও ছিলেন সুফি মোস্তাফিজুর। এতোটা জঘন্য, জগাখিচুড়ি, গোঁজামিলপূর্ণ জাদুঘর সম্ভবত বাংলাদেশে আর একটিও নেই। তার আর আওয়ামী লীগ নেতা নূহ উল আলম লেনিনের একটা প্রতিষ্ঠান আছে ‘ঐতিহ্য অন্বেষণ’ নামে। গত সরকারের পিরিয়ডে এই প্রতিষ্ঠানটি সারা দেশে সরকারের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে নন্দনহীন, গোঁজামিলপূর্ণ এবং শেষ পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনা না করে ভাগাড়ে পরিণত করে ফেলে রাখার মতো এরকম আরো হয়তো ‘ইতিহাস-ঐতিহ্য’ নিয়ে খেলাধুলা করেছে! সৎ, সাহসী, মেধাবী ও অনুসন্ধানী সাংবাদিকগণই কেবল এর প্রকৃত হদিস বের করতে পারবে।

সোজা মসৃণ কালো পিচের রাস্তার দু’পাশে আম-কাঁঠালের সারি। বাইকের পিঠে বসে থাকা এই বন্দরের জাহাজ আর মানুষের কলধ্বনি সমেত আমাদের চুল উড়িয়ে নিচ্ছে ব্রহ্মপুত্র তীরের বাতাস। খ্রিস্টপূর্ব ৩৫০ অব্দের সেই আলেকজান্ডারীয় বৈকালিক আলো মুখে পড়তেই আমাদের মনে পড়ে যায় দ্বিপ্রহরে ফেলে আসা সেই সন্তের মুখ। মুখমণ্ডলে বয়সের যে-বলিরেখা ছড়িয়েছে ইদানিং, সেই ঋজু দৃপ্ত তবু ভারাক্রান্ত সেই নতমুখ একজন মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের। তিনি ঘুমিয়ে ছিলেন। তিনি অসুস্থ শারীরিকভাবে।

এক অজপাড়াগাঁ বটেশ্বরে এমন কেউ ছিলেন বিশেষ ধীসম্পন্ন মানুষ, যিনি সেই ১০০ বছর আগে ১৯২৬ সালে এই গ্রামে বসেই ‘সবুজ পল্লী’ নামে পত্রিকা করতেন। তিনি মোহাম্মদ হানীফ পাঠান। মাটির নিচ থেকে পাওয়া গুটিকা দেখে যার চোখ আবিষ্কার করেছিলো এক মহাকাল; আর তা ছড়িয়ে দিয়েছিলেন তার বালক পুত্রের স্কন্ধে। শহরের বড়ো বড়ো বিদ্বান-পণ্ডিত-গবেষকদের দৃষ্টি আকর্ষণ করতে চার দশক তারা লেখালেখি করেছেন। আর তারপর বড়ো বড়ো মানুষেরা একসময় পরীক্ষা করে দেখলো মুহাম্মদ হাবিবুল্লা পাঠান নামের গ্রামের এই স্কুলশিক্ষকের চোখ ও হৃদয়ের অবিনাশী সত্যাসত্য। পত্রিকা হলো, বই হলো, খননকর্ম হলো, তথ্যচিত্র হলো, কতো কতো আলোকচিত্র হলো, সেমিনার হলো, পুরস্কার হলো, সরকার হলো, প্রত্নতত্ত্ব হলো, প্রচুর মানুষের প্রচুর প্রচুর পিনিক হলো এই বিশ-পঁচিশ বছরে। কিন্তু  গত ১০০ বছরে বাংলাদেশে আবিষ্কৃত কোনো প্রত্নতাত্ত্বিক অঞ্চলের ভাগ্যই এই উয়ারী-বটেশ্বরের মতো হলো না। এই স্থানটির যথাযথ যা প্রাপ্য ছিলো, তা হলো না। এখানে প্রাপ্ত আয়ুধসমূহের যেখানে যথাযথ সংরক্ষণের প্রতিশ্রুতি ছিলো, তা হলো না। আর একজন হাবিবুল্লা পাঠান সাত দশক ধরে যা সংগ্রহ করেছেন অনাগত মানুষ আর মানুষের মনন উৎকর্ষের জন্যে, তার কিছুই হলো না। সম্পূর্ণ অরক্ষিত, হারিয়ে ফেলার আশঙ্কা নিয়ে আড়াই হাজার বছর আগেকার এই সভ্যতা হয়তো প্রতীক্ষা করছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত নূতন কোনো নাটকের, আবার হয়তো নূতন করে খনন শুরু হবে, নূতনভাবে কোটি কোটি টাকা বরাদ্দ হবে, নূতন কোনো প্রত্নতত্ত্ব, নূতন কোনো জেলাপরিষদ, নূতন কোনো ঠিকাদার….

তবু আমরা চাই, বাংলাদেশ রাষ্ট্রের এই সকল ধারাবাহিক নাটক দেখার জন্যে প্রত্নঋষি মুহাম্মদ হাবিবুল্লা পাঠান, আপনি শতায়ু হোন।